
এক মাসের ব্যবধানে দুবার ধর্মঘটের ডাক দিলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা। সর্বশেষ গত শনিবার দুপুর থেকে তাঁরা ধর্মঘট পালন করছেন।
শিক্ষানবিশ চিকিৎসকেরা ধর্মঘটে থাকায় দিশেহারা রোগী ও তাঁদের স্বজনেরা। বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
গত রোববার রাত আটটায় অসুস্থ বোনকে নিয়ে হাসপাতালে আসেন বাকেরগঞ্জ উপজেলার শেখর দাস। জরুরি বিভাগে গিয়ে জানতে পারেন, চিকিৎসকেরা ধর্মঘট পালন করছেন। তারপরও বোনকে ভর্তি করান। শেখর রোববার রাত সাড়ে আটটায় প্রথম আলোকে বলেন, ‘ভর্তির পর থেকে কোনো চিকিৎসক আসেনি। এমনকি প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়নি।’ পরে তিনি তাঁর বোনকে নিয়ে হেমায়েতউদ্দিন ডায়াবেটিক হাসপাতালে যান।
শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিভিন্ন ওয়ার্ডে ভর্তি হওয়া রোগীরা। গতকাল সোমবার দুপুর ১২টায় হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশু, গাইনিসহ কয়েকটি ওয়ার্ডের মেঝে ও বারান্দা রোগীতে ঠাসা। মেডিসিন ও সার্জারি ওয়ার্ডেও রোগীর চাপ। কোনো ওয়ার্ডেই শিক্ষানবিশ চিকিৎসক নেই। সার্জারি ও শিশু ওয়ার্ডে একজন করে বিশেষজ্ঞ চিকিৎসক দায়িত্ব পালন করছেন। রোগীরা ভরসা করছেন সেবিকাদের ওপর।
গাইনি ওয়ার্ডে ভর্তি কোটালিপাড়ার মনি তালুকদার বলেন, ‘রোববার বেলা দুইটায় ভর্তি হয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সেবা পাইনি। মনে হচ্ছে এখানে এসে ভুলই করেছি। গোপালগঞ্জ গেলেই ভালো হতো।’
একই ওয়ার্ডে ভর্তি বাবুগঞ্জ উপজেলার গুঠিয়া এলাকার নীপা দাস বলেন, শনিবার বিকেলে তিনি ভর্তি হয়েছেন। গতকাল দুপুর পর্যন্ত তাঁর কাছে কোনো চিকিৎসক আসেননি।
কথা হয় গাইনি ওয়ার্ডের সেবিকা রাশিদা আক্তারের সঙ্গে। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকেরা সকালে ও রাতে দুবার আসেন। হাসপাতালের মূল চালিকাশক্তি শিক্ষানবিশ চিকিৎসক। তাঁরা ধর্মঘট পালন করায় তীব্র সংকট চলছে। নার্সদের (সেবিকা) পক্ষে সব দিক সামাল দেওয়া সম্ভব হচ্ছে না।
দায়িত্ব পালনরত সার্জারি বিভাগের চিকিৎসক অধ্যাপক এ এস এম সরফুজ্জামান বলেন, ‘শিক্ষানবিশ চিকিৎসকেরা ধর্মঘট পালন করছে। আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি।’
শিশু বিশেষজ্ঞ এম আর তালুকদার মুজিব বলেন, ‘শিক্ষানবিশ চিকিৎসকেরা হচ্ছেন হাসপাতালের মূল সহযোগী। তাঁরা না থাকলে চিকিৎসাসেবায় প্রভাব পড়বেই। আমার একার পক্ষে এত রোগী দেখা সম্ভব নয়। ফলে সেবা কমে গেছে।’
উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে গতকাল দুপুরে বৈঠক করেন হাসপাতালের পরিচালক। কিন্তু তারপরও ধর্মঘট প্রত্যাহার করে নেননি শিক্ষানবিশ চিকিৎসকেরা। তাঁদের দাবি, অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার প্রমাণ তাঁদের দেখাতে হবে। প্রমাণ না পাওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসকেরা ধর্মঘটে গেলে রোগীর সেবায় বিঘ্ন ঘটে। বিষয়টি নিয়ে শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তাঁদের জানানো হয়। কিন্তু তাঁদের দাবি, ব্যবস্থার প্রমাণপত্র দেখাতে হবে। বিষয়টি পুলিশের পদস্থ কর্মকর্তাদের জানানো হয়েছে। আশা করি, খুব দ্রুত সমস্যার সমাধান হবে।’
গত শুক্রবার মেডিসিন-১ ইউনিটে হরেন বিশ্বাস নামের এক রোগী ভর্তি হন। তাঁর ছেলে পটুয়াখালী সদর থানার উপপরিদর্শক (এসআই) মনোজ কুমার। তিনি তাঁর বাবাকে দেখার জন্য চিকিৎসকদের কক্ষে গিয়ে শিক্ষানবিশ চিকিৎসক ইকরা ফেরদৌসিকে অনুরোধ করেন। এভাবে দুবার অনুরোধ করার পরও চিকিৎসক রোগীর কাছে যাননি। পরে এ নিয়ে পুলিশ কর্মকর্তা মনোজ ও চিকিৎসক ইকরার মধ্যে বাগ্বিতণ্ডা হয়। তবে চিকিৎসক ইকরার দাবি, পুলিশ কর্মকর্তা মনোজ তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এ সময় তিনি মুঠোফোনে সহকর্মীদের ডাকতে চাইলে মনোজ তাঁর ফোনও কেড়ে নেন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষানবিশ চিকিৎসকেরা শনিবার দুপুর থেকে ধর্মঘট পালন শুরু করেন।
এর আগে গত ১৭ মে রাতে এক রোগীর চিকিৎসা নিয়ে তাঁর স্বজনদের সঙ্গে শিক্ষানবিশ চিকিৎসকদের কথা-কাটাকাটি হয়। এ সময় শিক্ষানবিশ চিকিৎসকেরা স্বজনদের মারধর করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে চিকিৎসকদের সঙ্গে তাদেরও ঝামেলা হয়। এ ঘটনায় তাৎক্ষণিক ধর্মঘটের ডাক দেন শিক্ষানবিশ চিকিৎসকেরা।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসকদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এমন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্য মনোজ কুমারকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’