রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গতকাল সোমবার কোনো চিকিৎসক আসেননি। তাই সকাল থেকে রোগীরা এসে অপেক্ষা করে বিনা চিকিৎসায় বাড়ি ফিরে গেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, হরতালের কারণে তাঁরা হয়তো স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে পারেননি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ১২ জন চিকিৎসক কর্মরত আছেন। তাঁদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছাড়া কেউই কোয়ার্টারে থাকেন না। তাঁরা রাজশাহী শহর থেকে এসে পালাক্রমে দায়িত্ব পালন করেন। সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত তাঁরা হাসপাতালে অবস্থান করেন। পালা অনুযায়ী গতকাল সোমবার চিকিৎসা কর্মকর্তা তাজ উদ্দিন, রিজভী আহাম্মেদ, দিলারা বেগম, মোমেনা হোসেন ও হোসনে জামিলের বহির্বিভাগে দায়িত্ব পালন করার কথা ছিল। কিন্তু গতকাল তাঁরা এখানে আসেননি।
গতকাল সকাল আটটায় রোগীরা টিকিট কেটে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের সামনে অপেক্ষা করতে থাকেন। সকাল সাড়ে ১০টা নাগাদ বহির্বিভাগের সামনে প্রায় অর্ধশত রোগী জড়ো হন। কিন্তু বেলা আড়াইটা পর্যন্ত কোনো চিকিৎসকই আসেননি। তাই বাধ্য হয়ে রোগীরা টিকিট নিয়েই বাড়ি ফিরে যান।
উপজেলার ছাতারি গ্রামের বাচ্চু প্রামাণিকের স্ত্রী মঞ্জুরা বেগম তাঁর অসুস্থ পুত্রবধূকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। তিনি বলেন, ভ্যানে করে বাড়ি থেকে যেতে-আসতে তাঁর ৬০ টাকা খরচ হয়েছে। ভেবেছিলেন পরে হলেও চিকিৎসকেরা আসবেন। কিন্তু কোনো চিকিৎসক না আসায় তিনি তাঁর পুত্রবধূকে নিয়ে বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছেন।
উপজেলার চণ্ডীপুর গ্রামের বাবু ইসলাম তাঁর অসুস্থ সন্তানকে নিয়ে গতকাল হাসপাতালে এসেছিলেন। বাবু বলেন, চিকিৎসক না আসায় সকাল ১০টা পর্যন্ত বহির্বিভাগের দরজাই খোলা হয়নি। বাধ্য হয়ে তিনি তাঁর সন্তানকে নিয়ে বাড়ি ফিরে যান। বাজুবাঘা গ্রামের নাহিদা ইয়াসমিনও গতকাল তাঁর সন্তানকে নিয়ে চিকিৎসকের কাছে এসেছিলেন। কিন্তু চিকিৎসক না পেয়ে তিনি সন্তানকে নিয়ে ফিরে যান। নাহিদা বলেন, একজন চিকিৎসক থাকলেও তাঁর সন্তানের চিকিৎসা হতো।
হরতালের মধ্যেও জরুরি বিভাগের চিকিৎসক বেনজির আহাম্মেদ রাজশাহী থেকে এখানে দায়িত্ব পালন করতে এসেছেন। তিনি জানান, গতকাল তিনি জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন। এ জন্য তাঁকে এখানে আসতে হয়েছে।
দায়িত্ব থাকার পরও স্বাস্থ্য কমপ্লেক্সে না আসার বিষয়ে হোসনে জামিল জানান, সকাল, সন্ধ্যা ও রাত ভাগ করে তাঁদের সপ্তাহে ৩৬ ঘণ্টা করে দায়িত্ব পালন করতে হয়। সেই হিসেবে আজ (সোমবার) তাঁর হাসপাতালে কোনো দায়িত্ব নেই। সেই জন্য তিনি যাননি। মোমেনা হোসেন জানান, তাঁর বাবা অসুস্থ থাকায় তিনি হাসপাতালে যেতে পারেননি। রিজভী জানান, হরতালের কারণে তিনি আসতে পারেননি। দিলারা বেগম ফোন ধরেননি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূরুল ইসলামকে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তাঁর কার্যালয়ে পাওয়া যায়। তিনি জানান, পালা অনুযায়ী গতকাল উল্লিখিত পাঁচ চিকিৎসকের বহির্বিভাগে দায়িত্ব পালন করার কথা। তাঁদের মধ্যে শুধু তাজ উদ্দিন তাঁকে আগেই তাঁর অসুবিধার কথা জানিয়েছেন। এ ছাড়া কেউ তাঁকে কিছু জানাননি। এখন জানতে চাইলে তাঁরা হয়তো বলবেন, হরতালের কারণে তাঁরা আসতে পারেননি। কিন্তু হরতাল থাকলে তো তাঁরা আরও আগে আসতে পারতেন।