চিকিৎসকেরা কর্মস্থলে যোগ না দিলে পদোন্নতি বাতিল

পদোন্নতি পাওয়া চিকিৎসকেরা যথাসময়ে কর্মস্থলে যোগদান না করলে পদোন্নতি বাতিল করা হবে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে হজযাত্রীদের স্বাস্থ্য কার্ড প্রদান ও টিকা দান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসককে যে স্থানে পদায়ন করা হয়েছে তাঁকে সেই স্থানেই যোগদান করতে হবে। কেউ যদি যোগদান না করে তাহলে তাঁর পদোন্নতি বাতিল এবং তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ৩৪৬ জন চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে। এদের মধ্যে ২১৪ জনকে রাজধানী ঢাকার বাইরে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, হজযাত্রীরা যাতে মক্কায় কোনো সমস্যায় না পড়েন, সে জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেডিকেল টিম পাঠানো হবে। যাঁরা সেখানে হাজিদের স্বাস্থ্যবিষয়ক কোনো সমস্যা হলে তাঁদের সেবা প্রদান করবেন।
পরে হজযাত্রীদের স্বাস্থ্যসেবা কার্যক্রমের প্রশংসা করে মন্ত্রী চিকিৎসক ও সেবিকাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ আগস্ট হজ ফ্লাইটের শুভ উদ্বোধন করবেন। আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে হজ ফ্লাইট।
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক, পরিচালক (হাসপাতাল) সামিউল হক সাদি প্রমুখ ছিলেন।