চিকিৎসকেরা প্রাইভেট প্র্যাকটিস করেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফিয়া জাহিনের মৃত্যুর ঘটনায় রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সারা দেশে চিকিৎসকেরা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখেন। এদিকে চিকিৎসায় অবহেলাজনিত কারণে এই মৃত্যু—এমন অভিযোগ করে এর প্রতিবাদে আজ বুধবার মানববন্ধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

১৮ মে সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আফিয়া জাহিন। জাহিনের মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের অবহেলাকে দায়ী করে ওই দিন সেখানে ভাঙচুর করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনার পর ৯ জন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। ওই ৯ জন জামিনে আছেন। চিকিৎসকদের গতকালের কর্মসূচি প্রসঙ্গে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব অধ্যাপক ইহতেশামুল হক প্রথম আলোকে বলেন, সারা দেশে চিকিৎসকেরা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখেন। হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলার কারণে তাঁরা এই কর্মসূচি পালন করেছেন। তিনি বলেন, তাঁদের এই কর্মসূচির কারণে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের দুর্ভোগে পড়তে হয়েছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

মানববন্ধন আজ

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মিলনায়তনে সংবাদ সম্মেলনে আফিয়া জাহিনের সহপাঠীরা আজ মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেন। বেলা ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পাশে রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন হবে। আফিয়ার সহপাঠীদের অভিযোগ, তাঁরা এখন পর্যন্ত জানতে পারেননি আফিয়ার আসলেই কী হয়েছিল। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের প্রমাণ ছাড়াই আফিয়ার নামে বিভ্রান্তিকর তথ্য ও অপবাদ ছড়ানো হচ্ছে।