চিকিৎসকেরা হাওরে যেতে চান না!
কিশোরগঞ্জের হাওরে চিকিৎসকের পদ আছে, কিন্তু চিকিৎসক নেই। ৬৫টি পদের মধ্যে ৪০টি চিকিৎসকের পদ শূন্য রয়েছে। কর্মরত আছেন মাত্র ২৫ জন চিকিৎসক। তাও তাঁরা নিয়মিত স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন না বলে অভিযোগ রয়েছে। কিশোরগঞ্জ টিআইবির সচেতন নাগরিক কমিটির স্বাস্থ্যবিষয়ক কমিটির আহ্বায়ক এম এ কাইয়ুম প্রথম আলোকে বলেন, ‘এ থেকেই বোঝা যায়, কিশোরগঞ্জের গভীর হাওরে কার্যত সরকারি চিকিৎসাসেবা বলতে কিছুই নেই। ফলে হাওরের বিশাল জনগোষ্ঠী সুষ্ঠু চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।’সরেজমিনে জানা গেছে, গভীর হাওরের ইটনা, নিকলী, অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলায় ২৫ জন চিকিৎসক কর্মরত আছেন। তাও কোনো কোনো চিকিৎসক সপ্তাহে দুই-তিন দিন পালা করে হাসপাতালে আসেন বলে অভিযোগ রয়েছে। কর্মরত চিকিৎসকদের চার উপজেলার ১২ লাখ জনগোষ্ঠীর চিকিৎসাসেবা সামলাতে হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় চার উপজেলার লোকজন চিকিৎসাসেবা থেকে কার্যত বঞ্চিত। কোটি কোটি টাকা মূল্যের অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে চিকিৎসকের অভাবে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলছে কিশোরগঞ্জের হাওরে। সর্বশেষ প্রাপ্ত হিসাবে জানা গেছে, মিঠামইনে ১৫ জনের মধ্যে আছেন তিনজন, নিকলীতে ১৬ জনের মধ্যে সাতজন, অষ্টগ্রামে ১৬ জনের মধ্যে আটজন ও ইটনা উপজেলায় ১৮ জনের মধ্যে সাতজন কর্মরত আছেন। হাওরবাসী জানান, সাধারণ অসুখ-বিসুখ, দুর্ঘটনা বা মারামারির ঘটনায় আহত হলে শুধু চিকিৎসকের অভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না হয়ে জেলা সদর বা অন্যত্র চিকিৎসা নিতে হয়। জ্বরজ্বারিতেও চিকিৎসা পাওয়া যায় না এসব স্বাস্থ্য কমপ্লেক্সে। ইটনা উপজেলার সংস্কৃতিকর্মী এ জেড এম আসলাম ইকবাল জানান, ইটনা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন চিকিৎসকের পদ রয়েছে। গত পাঁচ বছরে এখানে দুজনের বেশি চিকিৎসক কখনো দেখা যায়নি। চিকিৎসক না থাকায় এখানে সাধারণত কেউ চিকিৎসা নিতে আসে না। মিঠামইন কলেজের অধ্যক্ষ আবদুল হাই জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে মিঠামইন আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়। অবকাঠামো থাকার পরও শুধু চিকিৎসক না থাকায় মিঠামইনবাসী সরকারি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অষ্টগ্রামের ব্যবসায়ী সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, এখানে চিকিৎসকেরা সপ্তাহে পালা করে হাসপাতালে কাজ করতে আসেন। ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) জানান, হাসপাতালে চিকিৎসক সংকট প্রধান সমস্যা। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কর্মকর্তার পদে লোক না থাকায় প্রশাসনিক কাজসহ অন্যান্য কাজ তাঁকেও করতে হচ্ছে। মিঠামইন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে বিশাল অবকাঠামো থাকার পরও এলাকাবাসী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব বিষয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি।’ সিভিল সার্জন দীন মোহাম্মদ জানান, নতুন চিকিৎসক নিয়োগ কার্যক্রম চলছে। আশা করি কিছুদিনের মধ্যে সমস্যার সমাধান হবে।