চিকিৎসক-নার্সদের ধর্মঘট বন্ধে কেন ব্যবস্থা নয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের জীবন রক্ষায় এবং রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য কর্তব্যকালে চিকিৎসক ও নার্সদের ধর্মঘট বন্ধে কেন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এই রুল দেন। একই সঙ্গে ধর্মঘট বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং হাসপাতালে কর্মরত চিকিৎসক-নার্সদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত রোববার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে এই রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। গতকাল তিনি নিজে রিট আবেদনটির ওপর শুনানি করেন। তিনি বলেন, দেশের চিকিৎসক-নার্সরা বিভিন্ন কারণে বিভিন্ন সময় ধর্মঘট ও কর্মবিরতিতে যান। এর ফলে দেশের বিভিন্ন হাসপাতালে রোগীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।