চিকিৎসক-সংকট তীব্র, যন্ত্রপাতিও বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ ২১টি। তবে বর্তমানে কর্মরত রয়েছেন সাতজন। ১১টি বিশেষজ্ঞ চিকিৎসক পদের মধ্যে রয়েছেন মাত্র একজন। তবে তিনিও এখন ছুটিতে।
চিকিৎসক-সংকটে ৫০ শয্যার এ হাসপাতালে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। গাইনি চিকিৎসক ও অবেদনবিদ না থাকায় সাত মাস ধরে বন্ধ অন্তঃসত্ত্বাদের অস্ত্রোপচার। এদিকে, চার বছর ধরে নষ্ট হয়ে আছে এক্স-রে যন্ত্র। এক বছর আগে আনা আলট্রাসনোগ্রাফি যন্ত্রটি শুরু থেকেই বিকল।
হাসপাতাল সূত্র জানায়, ২০০৮ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয়েছে হাসপাতালটি। এখানে চিকিৎসকের পদ আছে ২১টি। কর্মরত আছেন সাতজন। ১১টি বিশেষজ্ঞ চিকিৎসক পদের মধ্যে শুধু শিশুবিশেষজ্ঞ রয়েছেন এস এম আবদুর রশিদ। তিনি এক মাস ধরে ছুটিতে। চিকিৎসক-সংকটে জরুরি বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ৫০ শয্যায় উন্নীত হলেও ওষুধ পাওয়া যাচ্ছে ৩১ শয্যার। ১৫ বছরের পুরোনো একটি অ্যাম্বুলেন্স রয়েছে, যা নষ্ট হওয়ার পথে। এর বাইরে উপজেলায় একটি উপস্বাস্থ্যকেন্দ্র এবং ১৩টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকের পদ রয়েছে ১৪টি। এর একটিতে একজন চিকিৎসক আছেন, তবে তিনি মাতৃত্বকালীন ছুটিতে।
গত বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, চিকিৎসাসেবা দিচ্ছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ঈশিতা দাস। দায়িত্বরত চিকিৎসা কর্মকর্তা ছিলেন না। ঈশিতা দাস বলেন, চিকিৎসা কর্মকর্তাকে বহির্বিভাগও সামাল দিতে হচ্ছে। বহির্বিভাগে দুটি কক্ষে তিনজন চিকিৎসা কর্মকর্তা চিকিৎসা দিচ্ছেন। ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তুষার কুমার পোদ্দার ঘুরে ঘুরে সব বিভাগ সামলাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা প্রভাস কুমার দাস দাপ্তরিক কাজে বাইরে গিয়েছেন।
হাসপাতালের বহির্বিভাগে কর্মরত ফার্মাসিস্ট আশিষ বাগচী বলেন, বহির্বিভাগে ২৫০-৩০০ রোগী হয় প্রতিদিন। এর দুই-তৃতীয়াংশই নারী। গত বুধবার ৯৬ জন নারী এবং ৩৮ জন পুরুষ রোগী চিকিৎসা নিয়েছেন।
পাটনা গ্রামের সত্তরোর্ধ্ব জুলেখা বেগম (৭০) সকাল নয়টায় এসেছেন চুলকানির চিকিৎসা নিতে। দুপুর ১২টায় চিকিৎসক দেখাতে পেরেছেন। তিনি বলেন, ‘ডাক্তার কম, রোগী মেলা। সে জন্যি সকালেরতে বসে থাকতি অলো। চুলকানির ওষুধ, তাও বাইরেততে কিনতি অবে।’
কোমরে আঘাত পেয়ে ঘড়িভাঙ্গা গ্রামের লাকি বেগম (৪৮) এসেছেন চিকিৎসা নিতে। তিনিও প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করে চিকিৎসকের দেখা পেয়েছেন। তিনি বলেন, ‘ডাক্তার কইছেন এক্স-রে করে দেখাতি। হ্যান্নে বাইরে যাচ্ছি। টাহা লাগবেনে গুটিকখানিক।’
চিকিৎসক তুষার কুমার পোদ্দার বলেন, এত অল্প চিকিৎসকের পক্ষে ২৪ ঘণ্টা জরুরি সেবা, বহির্বিভাগ ও ভর্তি হওয়া রোগীদের সামাল দেওয়া খুবই কষ্টকর। এরপর রয়েছে প্রশাসনিক কাজকর্ম, প্রশিক্ষণ, বিভিন্ন সভায় যোগদান, মামলার সাক্ষ্য দেওয়াসহ নানা কাজ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা প্রভাস কুমার দাস মুঠোফোনে বলেন, যখনই কেউ বদলি হন, তখনই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জনবল চাওয়া হয়। এ ছাড়া চিকিৎসক–সংকটের কথা সব সময়ই জানানো হচ্ছে। অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যন্ত্রপাতি মেরামতের জন্য চিঠি দেওয়া হয়েছে। এসব সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের সেবা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়।
সিভিল সার্জন মুনশি মো. ছাদুল্লাহ বলেন, ‘সারা দেশেই চিকিৎসক–সংকট আছে। তারপরও আবেদন-নিবেদন করছি চিকিৎসকের জন্য।’