চিকিৎসক-সংকট, দুর্ভোগে রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর হাসপাতালে চলছে চিকিৎসকের তীব্র সংকট। এর মধ্যেও চিকিৎসকেরা অনুপস্থিত থাকছেন বলে অভিযোগ করেছেন রোগীরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তাঁরা সেবা পাচ্ছেন না।
ভোলা সদর হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তা সূত্র জানায়, ২০০০ সালে হাসপাতালটি ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু বাড়তি লোকবলের অনুমোদন মেলেনি। ৫০ শয্যায় বহির্বিভাগ ও অন্তর্বিভাগ মিলিয়ে ২২ জন চিকিৎসকের মধ্যে মাত্র ছয়জন আছেন। এর মধ্যে দুজন চিকিৎসা কর্মকর্তা ও চারজন স্ত্রী রোগ (গাইনি), চক্ষু, শিশু ও সার্জারি বিভাগের
বিশেষজ্ঞ চিকিৎসক। মেডিসিন, কার্ডিয়াক, অ্যানেসথেশিয়া বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব আছে। নেই কোনো আবাসিক চিকিৎসা
কর্মকর্তা।
সম্প্রতি হাসপাতালে গিয়ে দেখা গেছে, তিন শতাধিক রোগী বহির্বিভাগে অপেক্ষা করছে। বহির্বিভাগে চিকিৎসকের কক্ষ খোলা থাকলেও সেখানে চিকিৎসক-কর্মচারী কেউই ছিলেন না। প্রায় ১৫ কিলোমিটার দূর বাংলাবাজার থেকে আসা ফয়সাল আহমেদ ও তাঁর স্ত্রী শিশুকে টিকা দিতে এসেছেন। এক ঘণ্টা ধরে তাঁরা মহিলা বিভাগের ইপিআই কক্ষে অপেক্ষা করছিলেন।
ফয়সাল বলেন, ‘বুঝতে পারছি না, ডাক্তার আসবেন কি না। কোনো কর্মচারীকেও দেখছি না যে জিজ্ঞাসা করব।’
উত্তর দিঘলদী বালিয়া থেকে আসা আড়াই বছরের শিশু কামরুল ইসলাম পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিল। তার বাবা আবুল কালাম বলেন, সকাল আটটা থেকে তিনি হাসপাতালে সারিতে দাঁড়িয়ে ছিলেন। তিন ঘণ্টা পার হলেও চিকিৎসকের দেখা পাননি।
হাসপাতালের শিশু ও পুষ্টি ওয়ার্ডে শিশুদের অভিভাবকেরা অভিযোগ করেন, চিকিৎসক ঠিকমতো এ ওয়ার্ড পরিদর্শন করতে আসেন না। মাত্র দুজন সেবিকা এতগুলো শিশুর সেবা দিতে হিমশিম খাচ্ছেন। তাঁরা জানান, এ ওয়ার্ডের শিশুবিশেষজ্ঞ চিকিৎসক ছুটিতে আছেন।
গাইনি ওয়ার্ড, মহিলা সার্জারি ও অর্থোপেডিক ওয়ার্ড, মহিলা মেডিসিন ওয়ার্ড, পুরুষ মেডিসিন ও ডায়রিয়া ওয়ার্ড, পুরুষ সার্জারি ওয়ার্ডের রোগী ও অভিভাবকেরা বলেন, চিকিৎসক দিনে একবার পরিদর্শনে আসেন। তা বেশির ভাগ সময় সকালের দিকে। বেলা ১১টার পর কোনো রোগী হাসপাতালে ভর্তি হলে তিনি পরের দিন সকালে চিকিৎসকের সেবা পান।
প্রেষণে আসা চিকিৎসা কর্মকর্তা আবদুল্যাহ-আল-মামুন আবাসিক চিকিৎসা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, হাসপাতালে প্রতিদিন ছয় শতাধিক রোগী আসে। তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ফারুকুর রহমান ও নাগরিক কমিটির সদস্যসচিব এস এম বাহাউদ্দিনসহ কয়েকজন বলেন, বদলি হয়ে আসার আগেই চিকিৎসকেরা যাওয়ার জন্য তদবির শুরু করেন। এখানে আসার কয়েক দিনের মধ্যেই তাঁরা ঢাকাসহ বড় শহরে চলে যান। কারও কোনো জবাবদিহি নেই।
ভোলা জেলা সিভিল সার্জন ফরিদ আহমেদ বলেন, ‘ভোলা সদর হাসপাতালসহ পুরো জেলাতেই চিকিৎসক-সংকট চলছে। যন্ত্রপাতি আছে কিন্তু টেকনিশিয়ান নেই। আমরা চেষ্টা করেও চিকিৎসক ভোলায় আনতে পারছি না।’