জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ রয়েছে ৩৩টি। এর বিপরীতে কর্মরত আছেন মাত্র ১২ জন। হাসপাতালের আলট্রাসনোগ্রাফি মেশিন বিকল ও এক্স-রে মেশিনের যন্ত্রপাতি নষ্ট। অস্ত্রোপচার কক্ষ বন্ধ।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যার হাসপাতালের বহির্বিভাগে গড়ে প্রতিদিন ২৫০-৩০০ রোগী চিকিৎসা নেন। রোগী ভর্তি থাকেন গড়ে প্রতিদিন ২০-৩০ জন। কিন্তু এত রোগীকে সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নেই। ৫০ শয্যার জনবলকাঠামো অনুযায়ী ৩৩ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু আছেন মাত্র ১২ জন। এর মধ্যে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া), জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি), ডেন্টাল সার্জনসহ ২১ জন চিকিৎসক নেই। হাসপাতালটিতে ১৬ জন নার্স থাকার কথা থাকলেও আছেন মাত্র ৮ জন। এক্স-রে মেশিন অনেক পুরোনো হওয়ার কারণে মাঝেমধ্যে বিকল হয়ে পড়ে। আলট্রাসনোগ্রাফি মেশিন বন্ধ চার মাস ধরে। দেড় বছর ধরে অস্ত্রোপচার কক্ষ বন্ধ।
গত মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, বহির্বিভাগে রোগীদের ভিড় জমেছে। সকাল ৯টায় বহির্বিভাগে দুজন চিকিৎসক। সাংবাদিক আসার খবর পেয়ে ১০টার পর আরও কয়েকজন চিকিৎসক আসেন। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড অপরিচ্ছন্ন।
বহির্বিভাগে চিকিৎসা নিতে এসেছেন উপজেলার নটাকান্দা গ্রামের রুবি আক্তার। তিনি বলেন, ‘আমরা নদীভাঙন এলাকার মানুষ। অনেক আগেই নদীতে ঘরবাড়িসহ সবকিছু নিয়ে গেছে। এখন নটাকান্দা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে থাকি। সকাল ৯টার ডাক্তার (চিকিৎসক) বাবুকে দেখাইব বলেই আয়ছি। কিন্তু এহন অনেক বেলা হইল তাগো পাইলাম না।’
কয়েকজন রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, দূর-দূরান্ত থেকে এসে সেবা না পেয়ে সমস্যায় পড়তে হয়। হাসপাতাল থেকে সরকারি ওষুধ রোগীদের ভাগ্যে জোটে না।
সিনিয়র নার্স মমতা ইয়াসমিন বলেন, বর্তমানে ৮ জন নার্স কর্মরত আছেন। থাকার কথা ছিল ১৬ জন। ফলে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হয়।
হাসপাতালের নানাবিধ সমস্যার কথা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম শহীদুর রহমান বলেন, চিকিৎসকদের ধরে রাখা যায় না। কিছুদিন থাকার পর তাঁরা বদলি হয়ে যান। ওষুধের সংকট, যন্ত্রপাতি নষ্ট ও অস্ত্রোপচার কক্ষসহ নানাবিধ সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।