চিকিৎসক-সংকট সেবা ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর হাসপাতালে বিশেষজ্ঞসহ চিকিৎসকের ২৭টি পদ রয়েছে। এর মধ্যে ১১টি দীর্ঘদিন ধরে শূন্য। চিকিৎসক-সংকটে হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০ শয্যার হাসপাতালটি ১৯৮০ সালের ১ জুলাই ৫০ শয্যায় উন্নীত করে শহরের শহীদ নাজমুল সড়ক থেকে খুলনা রোডের মোড়ে স্থানান্তর করা হয়। ১৯৯৭ সালের ২৭ জুন হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু চিকিৎসক ও কর্মচারীসহ লোকবল ৫০ শয্যার হাসপাতালেরই রয়ে গেছে।
জানতে চাইলে হাসপাতালের পরিসংখ্যানবিদ জাবির হোসেন প্রথম আলোকে বলেন, এ হাসপাতালের অন্তর্বিভাগে প্রতিদিন গড়ে ২৫০ রোগী ভর্তি থাকে। বহির্বিভাগে প্রতিদিন গড়ে সেবা নেয় ৭০০ রোগী।
সম্প্রতি সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, সকাল আটটায় এসেও সাড়ে ১০টা পর্যন্ত অনেকে টিকিট সংগ্রহ করতে পারেনি। মেডিসিন, চোখ ও অর্থোপেডিকস চিকিৎসকদের চেম্বারের সামনে অনেক রোগীর ভিড়। চোখ ও অর্থোপেডিকস বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, তাঁদের গড়ে ১০০ জন করে রোগী দেখতে হয়। মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখতে হয় আরও বেশিসংখ্যক রোগী।
৩০ কিলোমিটার দূরের কলারোয়া উপজেলার বজ্রবক্স গ্রাম থেকে লাল বানু (৫০) নামের একজন এসেছেন হাড়ের চিকিৎসা নিতে। তিনি বলেন, সকাল সাড়ে আটটায় এসে সারিতে দাঁড়িয়েছেন। কিন্তু সাড়ে ১০টা পর্যন্ত টিকিট কাটতে পারেননি।
যশোরের কেশবপুর উপজেলার মহাদেবপুর গ্রাম থেকে শামিমা নাসরিন (৩০) এসেছেন কানের চিকিৎসক দেখাতে। তিনিও সকাল সাড়ে আটটায় সারিতে দাঁড়িয়ে সাড়ে ১০টা পর্যন্ত টিকিট কাটতে পারেননি। সকাল থেকে সারিতে দাঁড়িয়ে আছে দুই শতাধিক মানুষ।
হাসপাতালের নার্সিং সুপারভাইজার আনোয়ারা খাতুন বলেন, ওই দিন অন্তর্বিভাগে নারী, শিশুসহ ২৫৩ জন রোগী ভর্তি ছিল।
জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, সদর হাসপাতালে জ্যেষ্ঠ অস্ত্রোপচার বিশেষজ্ঞ, জ্যেষ্ঠ মেডিসিন বিশেষজ্ঞ, জ্যেষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ, চিকিৎসা কর্মকর্তাসহ ১১টি চিকিৎসকের পদ শূন্য রয়েছে।
সিভিল সার্জন উৎপল দেবনাথ বলেন, ২৭ জন চিকিৎসকের মধ্যে আছেন ১৬ জন। এ ছাড়া পরিচ্ছন্নতাকর্মী আছেন মাত্র ছয়জন। শূন্যপদ পূরণের জন্য একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।