চিকিৎসক-সংকটে প্রসূতি অস্ত্রোপচার বন্ধ সাত বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবেদনবিদ ও গাইনি চিকিৎসক না থাকায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় সাত বছর ধরে প্রসূতিদের অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে প্রত্যন্ত অঞ্চলের গরিব নারীদের সেবা নিতে জেলা সদরে যেতে হচ্ছে। এতে যেমন তাঁদের বাড়তি খরচ হচ্ছে, তেমনি প্রসূতিদের ঝুঁকি বাড়ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০১১ সালে এ হাসপাতাল ৩১ শয্যা থেকে ৫০-এ উন্নীত করা হয়। কিন্তু জনবলকাঠামো রয়েছে আগের মতোই। বর্তমানে ৩১ শয্যার জন্য ৯টি চিকিৎসক পদের বিপরীতে আছেন মাত্র ৪ জন। ২০১০ সালে অবেদনবিদ ও ২০১৪ সালের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক বদলি হওয়ায় প্রায় সাত বছর প্রসূতিদের অস্ত্রোপচার বন্ধ হয়ে যায়। ২০১৩ সালের শেষের দিকে একজন অবেদনবিদ নিয়োগ দেওয়া হলেও তিনি দুই মাসের মাথায় প্রেষণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান। এর ফলে প্রায় সাত বছর ধরে প্রসূতিদের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। তা ছাড়া সরকারের দেওয়া কোটি টাকার যন্ত্রপাতিও নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
উপজেলার কচুলিবাড়ি গ্রামের সামসুল মিয়া গতকাল মঙ্গলবার ভোরে অন্তঃসত্ত্বা মেয়েকে নিয়ে হাসপাতালে এসেছিলেন। চিকিৎসকেরা বলেন, জরুরি ভিত্তিতে তাঁর অস্ত্রোপচার করতে হবে। এ জন্য তাঁকে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন। সামসুল মিয়া বলেন, ‘আমরা গরিব মানুষ। কীভাবে লালমনিরহাট নিয়ে যাম। তা এটে আসিয়া লাভ কী?’
সকালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে এসেছেন জোংড়া ইউনিয়নের কাজিপাড়া গ্রামের রবিউল ইসলাম। তিনি বলেন, ‘হাসপাতালোত আসি শুনোন সিজার করার ডাক্তার নাই ভালো। শেষ পর্যন্ত রংপুরের হাসপাতালে নিয়া ভর্তি করিবার নাগবে।’
জগতবের ইউনিয়নের পচাভান্ডার গ্রামের আলেয়া বেগম বলেন, ‘এই হাসপাতালে সিজার (অস্ত্রোপচার) করিলে বাড়ির লোকজন আসি খবরাখবর নিবার পায়। হামাক লালমনিরহাটোত যাবার নাগবে। তা এটা হাসপাতাল থাকিয়া লাভ কী?’
প্রসূতিদের দূরের হাসপাতালে নিতে ভোগান্তিতে পড়ছেন স্বজনেরা। পাটগ্রাম পৌরসভার বেংকান্দা এলাকার নইবর হোসেন বলেন, কয়েক দিন আগে তিনি অন্তঃসত্ত্বা এক আত্মীয়কে অস্ত্রোপচার করতে লালমনিরহাট সদরে নিয়ে গিয়েছিলেন। টাকা খরচের পাশাপাশি আসা-যাওয়ায় বেশি ভোগান্তি হয়েছে। এই হাসপাতালে সিজারের (অস্ত্রোপচার) সব সুবিধা থাকলে তাঁদের আর বাইরে যেতে হতো না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক বলেন, অবেদনবিদ ও গাইনি চিকিৎসক না থাকায় বাধ্য হয়ে রোগীদের লালমনিরহাট জেলা সদর হাসপাতালে পাঠাতে হয়। পাটগ্রাম সীমান্ত উপজেলা। জেলা সদরের দূরত্বের কথা চিন্তা করে এখানে অবেদনবিদ ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক দ্রুত নিয়োগ দেওয়া প্রয়োজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসনাত ইউসুফ বলেন, ‘এখানে জনবল-সংকটে অস্ত্রোপচার, চিকিৎসাসেবা ঠিকমতো দিতে পারছি না। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরসহ জেলা সিভিল সার্জনকে চিঠি দিয়ে জানানো হয়েছে।’ অস্ত্রোপচারে প্রয়োজনীয় যন্ত্রপাতি নষ্ট হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন চিকিৎসক হালকা ধরনের কাটাছেঁড়ার সেবা দেন। তাই যন্ত্রপাতি নষ্ট হচ্ছে না।
সিভিল সার্জন আবুল কাসেম বলেন, সারা দেশেই হাসপাতালে চিকিৎসক-সংকট রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক পাওয়া আরও কঠিন। সরকার নতুন করে চিকিৎসক নিয়োগ দিলে পাটগ্রামে চিকিৎসক নিয়োগ দেওয়ার চেষ্টা করা হবে।