নাটোরের বাগাতিপাড়ার ৩১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের পদ নয়টি। বর্তমানে কর্মরত মাত্র তিনজন। অথচ প্রতিদিন এখানে চিকিৎসা নিতে আসে তিন থেকে চার শ রোগী। ভর্তি রোগীর সংখ্যাও নেহাত কম নয়। প্রতিদিন গড়ে ৩১ জনের ওপরে। এ অবস্থায় চিকিৎসকের অভাবে রোগীদের ভোগান্তি দেখে মনে হয়, গ্রামগঞ্জের দরিদ্র এসব মানুষের দুর্দশা দেখার কেউ নেই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজ-কলমে নয়জন চিকিৎসকের মধ্যে ছয়জনই নেই। এই ছয়জনের মধ্যে তিনজনকে বদলি করা হয়েছে। দুজন আছেন বুনিয়াদি প্রশিক্ষণে, একজন মাতৃত্বকালীন ছুটিতে এবং বিভাগীয় মামলার কারণে দুজন চিকিৎসক তিন বছর ধরে অনুপস্থিত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এই তীব্র চিকিৎসক-সংকটের মধ্যেই আবার জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) চিকিৎসক সালমা আক্তারকে প্রেষণে (ডেপুটেশন) নাটোর সদর হাসপাতালে বদলি করা হয়েছে। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মাহমুদ হারুন সপ্তাহে দুদিন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখা শুরু করলেও বদলির আদেশ পেয়ে গত ২৯ আগস্ট ছাড়পত্র নিয়ে চলে যান। অপরদিকে চিকিৎসক সুফিয়া সুলতানা মাতৃত্বকালীন ছুটিতে যান। এ অবস্থায় তাঁকে অন্যত্র বদলি করা হলে তাঁর পদটিও শূন্য হয়ে পড়ে। বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন আরেক চিকিৎসক আয়েশা সিদ্দিকা। অন্যদিকে জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ইয়াসের আরাফাত তিন বছর ও চিকিৎসা কর্মকর্তা মোফাজ্জল শরিফ দেড় বছর ধরে অনুপস্থিত থাকায় তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে। এ ছাড়া গত ২৩ জুলাই থেকে জুনিয়র কনসালট্যান্ট (চক্ষু) হামিদুল মুলক এবং গত ৩১ জুলাই থেকে চিকিৎসক নুজহাত নওরিন চার মাসের বুনিয়াদি প্রশিক্ষণে গেছেন। হামিদুল মুলকের বুনিয়াদি প্রশিক্ষণ সম্প্রতি শেষ হলেও তাঁকে প্রেষণে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এখন শুধু আবাসিক চিকিৎসক আবুল হোসেন ও চিকিৎসা কর্মকর্তা আশিকুল ইসলাম প্রতিদিন সেবা নিতে আসা তিন থেকে চার শ রোগীকে সেবা দিচ্ছেন। চিকিৎসক আবুল হোসেন জানান, তাঁদের পক্ষে এত বিপুলসংখ্যক রোগীকে চিকিৎসা দেওয়া খুবই কষ্টকর হয়ে পড়েছে। এতে তাঁরা নিজেরাই অসুস্থ হয়ে পড়ছেন।
হাসপাতালের প্রশাসন বিভাগ সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট বিভাগীয় স্বাস্থ্য দপ্তরে চিকিৎসক-সংকট নিরসনে ব্যবস্থা নিতে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিয়া) ও জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) এবং ডেন্টাল সার্জনের তিনটি শূন্যপদে পদায়নের আবেদন করা হয়। অথচ এর পরপরই নতুন চিকিৎসক না দিয়ে বরং চিকিৎসক বদলির আদেশ এসেছে। এতে সংকট আরও প্রকট হয়েছে। তবে রাজশাহীর বিভাগীয় উপপরিচালক গত ১ অক্টোবর বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন। তিনি চিকিৎসক-সংকট সমাধানের আশ্বাস দিয়ে গেছেন। স্থানীয় সাংসদ আবুল কালামও স্বাস্থ্য বিভাগের উচ্চপর্যায়ে এ সমস্যা নিয়ে কথা বলেছেন বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিশংকর মণ্ডল মুঠোফোনে বলেন, চিকিৎসক-সংকটের সমাধান তাঁর হাতে নেই। তিনি বিষয়টি ওপরে জানিয়েছেন। তাঁরা সমাধানের আশ্বাস দিয়েছেন।
নাটোরের সিভিল সার্জন আজিজুল ইসলাম বলেন, প্রশিক্ষণ, মাতৃত্বকালীন ছুটিসহ অনুপস্থিতির কারণে সংকটের সৃষ্টি হয়েছে। অল্পদিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে। স্থানীয় (লালপুর-বাগাতিপাড়া) সাংসদ আবুল কালাম বলেন, এ ব্যাপারে তিনি উচ্চপর্যায়ে কথা বলবেন।