চিকিৎসক-সংকটে মিলছে না সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুরের চরমোহনা গ্রামের বাসিন্দা রাসেল হোসেন। ৬ অক্টোবর তিনি তাঁর প্রসূতি স্ত্রীকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। কিন্তু গাইনি বিশেষজ্ঞ না থাকায় স্ত্রীর চিকিৎসা না করেই ফিরে যেতে হয় তাঁকে। একইভাবে চোখের সমস্যা নিয়ে আসা সোনাপুর গ্রামের আবদুর রশিদ, চর্ম রোগে আক্রান্ত কাঞ্চনপুর গ্রামের মো. বাবুলসহ অনেকে চিকিৎসক না থাকায় ফিরে গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গিয়ে এ দৃশ্য দেখা গেছে। কয়েকজর রোগী ও স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন কর্মকর্তা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগে চিকিৎসক-সংকট থাকায় প্রতিদিন অনেক রোগী চিকিৎসা না নিয়েই ফিরে যায়। হাসপাতালে ২১ জন চিকিৎসকের পদ থাকলেও আছেন মাত্র ১১ জন। এ ছাড়া সাত-আট বছর ধরে টেকনিশিয়ান না থাকায় এক্স-রেসহ নানা যন্ত্র ব্যবহার করা যাচ্ছে না।
চিকিৎসকেরা বলেন, এখানে গাইনি, অর্থোপেডিকস, অবেদনবিদ, সার্জারি, চক্ষু ও নাক কান গলা (ইএনটি) বিশেষজ্ঞ এবং একজন চিকিৎসা কর্মকর্তার পদ শূন্য। এ ছাড়া হৃদ্রোগ (কার্ডিওলজি), মেডিসিন এবং চর্ম ও যৌন বিশেষজ্ঞ লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেষণে আছেন। অবেদনবিদ ও গাইনি বিশেষজ্ঞ না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতিদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। এ কারণে অনেক রোগী ফিরে যায়। এ ছাড়া ১৫ জন নার্সের বিপরীতে আছেন মাত্র সাতজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা খালেদ আহ্মদ বলেন, চিকিৎসক ও নার্সের শূন্য পদগুলো পূরণের বিষয়ে প্রতি মাসে লক্ষ্মীপুর সিভিল সার্জনের কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়। গত সেপ্টেম্বর মাসেও সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা বলেন, ২০০৬ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। প্রায় ৩ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে আধুনিক ভবন নির্মাণ করা হয়। প্রায় নয় বছর পেরিয়ে গেলেও ৫০ শয্যার হাসপাতালের কোনো সুফল পাচ্ছে না জনগণ। ৩১ শয্যার হাসপাতালের জন্য যে লোকবল থাকার দরকার, তা-ও নেই এখানে। প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে গড়ে ৪০০-৬০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।
বামনা গ্রামের গোলাম মোস্তফা বলেন, বুকের ব্যথার চিকিৎসার জন্য তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। কিন্তু কার্ডিওলজির চিকিৎসক না থাকায় চিকিৎসা নিতে পারেননি। পরে বাধ্য হয়ে প্রায় ১৮ কিলোমিটার দূরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন চিকিৎসক বলেন, সাত-আট বছর ধরে এক্স-রে টেকনিশিয়ান নেই। এতে এক্স-রে যন্ত্রটি ব্যবহার করা যাচ্ছে না। পড়ে থেকে নষ্ট হয়ে গেছে নেবুলাইজার, ইসিজিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্র। এ কারণে রোগীরা এখানে পরীক্ষা-নিরীক্ষা করতে পারে না। তাদের বেশি টাকা দিয়ে বেসরকারি ক্লিনিকে পরীক্ষা করাতে হয়।