চিকিৎসক-সংকটে সেবাবঞ্চিত মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোয় পর্যাপ্ত চিকিৎসক নেই। এর ফলে গ্রামের মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, পীরগঞ্জ পৌরসভা ও পীরগঞ্জ ইউনিয়ন বাদে অবশিষ্ট নয়টি ইউনিয়নে চিকিৎসকের নয়টি পদ আছে। কিন্তু এর বিপরীতে চিকিৎসক আছেন মাত্র তিনজন। ওই তিনজনের বিরুদ্ধেও কর্মস্থলে নিয়মিত কর্তব্য পালন না করার অভিযোগ রয়েছে।

ইনুয়া গ্রামের আবদুল গফুর (৫০) বলেন, ‘আমাদের মতো গরিব মানুষের চিকিৎসার জন্য সরকার গ্রামে গ্রামে ডাক্তার দিয়েছে। অথচ চিকিৎসা নিতে আট মাইল পথ পার হয়ে পীরগঞ্জ হাসপাতালে যেতে হচ্ছে।’

একান্নপুর গ্রামের মো. বশিরউদ্দীন (৫৪) বলেন, ‘ডাক্তার বসেন শুনে একান্নপুর কমিউনিটি ক্লিনিকে কয়েক দিন থেকে ঘুরছি। অথচ পাঁচ দিন ঘুরেও ডাক্তারের দেখা পাইনি।’ একই ধরনের কথা বলেন বৈরচুনা গ্রামের তবারক আলী (৪৫), সেনগাঁও গ্রামের রবি কুমার রায়সহ (৫০) আরও অন্তত ১০ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সহকারী সার্জন নাসিরউদ্দীন বৈরচুনা ইউনিয়নে নিয়োগপ্রাপ্ত। তাঁর বৈরচুনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র, রামনা চান্দোহর ও দক্ষিণ মালঞ্চা কমিউনিটি ক্লিনিকে সপ্তাহের নির্দিষ্ট দিনে অতিরিক্ত দায়িত্ব পালন করার কথা। একইভাবে দৌলতপুর ইউনিয়নের জন্য নিয়োগ করা হয়েছে সহকারী সার্জন ফাহমিদুল হককে। তাঁর দৌলতপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র, জয়কৃষ্টপুর, মল্লিকপুর ও উত্তর নওপাড়া কমিউনিটি ক্লিনিকে অতিরিক্ত দায়িত্ব পালন করার কথা। হাজিপুর ইউনিয়নের জন্য নিয়োগপ্রাপ্ত সহকারী সার্জন বিপ্লব চন্দ্র সরকারকে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র, কৃষ্টপুর, একান্নপুর, সিন্দাগর ও খামার নারায়ণপুর কমিউনিটি ক্লিনিকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া রয়েছে।

বৈরচুনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী চৌধুরী বলেন, ‘ইউনিয়নে চিকিৎসক পোস্টিং দেওয়ায় আমার এলাকার মানুষের চিকিৎসাসেবা পাওয়ার কথা। অথচ ওই চিকিৎসক মাসের পর মাস অনুপস্থিত থাকছেন। আমি বিষয়টি উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় তুলে ধরেছি।’

দৌলতপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের সহকারী সার্জন ফাহমিদুল হক বলেন, ‘আমাদের পোস্টিং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে আমি নিয়মিত যাই। কমিউনিটি ক্লিনিকগুলোতে আমি মাসে দু-একবার রোগী দেখি।’ একই বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও নাসিরউদ্দীন ও বিপ্লব চন্দ্র সরকারের ফোন গতকাল রোববার বন্ধ পাওয়া গেছে।

এদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে চিকিৎসা সহকারী পদে লোক নিয়োগ করা হলেও তাঁদের প্রেষণে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এনে কাজ করানো হচ্ছে। ফলে এ ক্ষেত্রেও গ্রামের মানুষ চিকিৎসা সহকারীর চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, খনগাঁও ইউনিয়নে চিকিৎসা কর্মকর্তা ও চিকিৎসা সহকারী পদের বিপরীতে একজনও নেই। ওই ইউনিয়নে নিয়োগকৃত চিকিৎসা সহকারী সিভিট কারিমাকেও যোগদানের পর থেকে প্রেষণে পীরগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে কাজ করানো হচ্ছে। চিকিৎসা সহকারী পদে লোক নিয়োগ করা হলেও সেনগাঁও ইউনিয়নের জন্য নিয়োগকৃত চিকিৎসা সহকারী মো. আসাদুজ্জামান, জাবরহাট ইউনিয়নের চিকিৎসা সহকারী সারাহ হেমব্রম ও বৈরচুনা ইউনিয়নের জন্য নিয়োগকৃত চিকিৎসা সহকারী কাবিরুল ইসলামকে গত বছরের ২০ এপ্রিল থেকে প্রেষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করানো হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদ বলেন, ‘আমি ওই তিনজন সহকারী সার্জনের বিরুদ্ধে সিভিল সার্জনকে জানিয়েছি। ঠাকুরগাঁও সিভিল সার্জন এসে কমিউনিটি ক্লিনিকগুলোতে গিয়ে তাঁদের পাননি। তাঁদের গত সেপ্টেম্বর মাসের বেতন বন্ধ রাখা হয়েছে। ইউপি চেয়ারম্যানরাও তাঁদের বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিতে পারব।’ প্রেষণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করানোর বিষয়ে তিনি বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শত শত রোগী আসেন। এখানেও পর্যাপ্ত চিকিৎসক নেই। তাই তাঁদের এনে আউটডোর ও জরুরি বিভাগ সামলাচ্ছি।’