চিকিৎসক-সংকটের মধ্যেও অনন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল শনিবার বৈকালিক চিকিৎসাসেবা চালুর বর্ষপূর্তি উদ্যাপন করা হয়। চিকিৎসক-সংকটের মধ্যেও স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চালু হওয়া বৈকালিক চিকিৎসাসেবা স্বাস্থ্যসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বৈকালিক চিকিৎসাসেবা চালুর এক বছর পূর্তি ও এলাকাবাসীর মধ্যে এ সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্বাস্থ্য শিক্ষাবিষয়ক প্রদর্শনী, স্বেচ্ছায় রক্তদান এবং বিনা মূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দীন প্রামাণিক। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরিদ উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন জেলার সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সারা দেশে হাসপাতালের বহির্বিভাগে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত চিকিৎসাসেবা দেওয়া হয়। কিন্তু রোগীর চাপ বেশি থাকায় দরিদ্র ও খেটে খাওয়া মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত হচ্ছিল না। এলাকাবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত বছরের ২৫ মার্চ থেকে ব্যতিক্রমী চিকিৎসাসেবা চালু করা হয়। সকালের বহির্বিভাগ চিকিৎসাসেবার পাশাপাশি চালু করা হয় বৈকালিক বহির্বিভাগ সেবা। বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দীন প্রামাণিকের পৃষ্ঠপোষকতায় সিভিল সার্জন মোজাহার হোসেন নবীন চিকিৎসকদের সমন্বয়ে এ কার্যক্রম চালু করেন। শুক্রবার বাদে সপ্তাহে ছয় দিন এ সেবা দেওয়া হয়। গ্রীষ্মকালে প্রতিদিন বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং শীতকালে বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ সেবা দেওয়া হয়। গত এক বছরে বৈকালিক বহির্বিভাগ সেবা থেকে চিকিৎসা নিয়েছে ১৪ হাজার ৩৬৭ জন রোগী। এর মধ্যে ৩ হাজার ৭৮৯ জন পুরুষ, ৭ হাজার ৪৮১ জন নারী ও ৩ হাজার ৯৭ জন শিশু চিকিৎসাসেবা পেয়েছে। হাসপাতালটির অনুমোদিত চিকিৎসক পদের সংখ্যা ২২। কিন্তু বর্তমানে কর্মরত রয়েছেন ১০ জন।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগ সূত্রে জানা যায়, নিয়মিত স্বাস্থ্যসেবার পাশাপাশি বৈকালিক চিকিৎসাসেবায় প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন রোগী সেবা নিয়ে থাকে।
গতকাল বিকেলে চিকিৎসা নিতে আসা নাসিমা, জাহানারা, জরিনা, মেহেদী ও মনোয়ারাসহ ছয়-সাতজন রোগীর সঙ্গে কথা বলে জানা গেল, হাসপাতালের এ বিশেষ উদ্যোগে তারা উপকৃত হচ্ছে। জাহানারা বলেন, ‘সকালে রোগীর চাপ বেশি থাকে। অনেক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তাই বৈকালিক সেবা চালু হওয়ার পর থেকে বিকেলেই হাসপাতালে চিকিৎসা নিতে আসি।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরিদ-উজ-জামান বলেন, এ সেবা চালু হওয়ার অল্প দিনেই এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে। কিন্তু বর্তমানে চিকিৎসক-সংকটের কারণে এ সেবা কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। মাত্র ১০ জন চিকিৎসক দিয়ে জরুরি চিকিৎসাসেবা, সকালের বহির্বিভাগ সেবা ও বৈকালিক চিকিৎসাসেবা চালাতে হচ্ছে। তিনি আরও বলেন, চিকিৎসকেরা বিকেলে প্র্যাকটিস বাদ দিয়ে এই সেবা চালিয়ে যাচ্ছেন।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হওয়া বৈকালিক চিকিৎসাসেবার সাফল্যে অনুপ্রাণিত হয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এ সেবা চালু করা হয়।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহিদ নজরুল চৌধুরী মুঠোফোনে বলেন, মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাফল্যে অনুপ্রাণিত হয়ে গত বছরের ১৬ আগস্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সেও বৈকালিক চিকিৎসাসেবা চালু করা হয়। গত সাত মাসে এখানে প্রায় সাড়ে চার হাজার রোগী বৈকালিক চিকিৎসাসেবা থেকে সেবা নিয়েছে বলে তিনি জানান।
সিভিল সার্জন এ কে এম মোজাহার হোসেন বলেন, চিকিৎসক-সংকট কাটিয়ে উঠতে অচিরেই মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। বৈকালিক চিকিৎসাসেবা চালু রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।