চিকিৎসক, সাংবাদিক ও আইনজীবীরা বলেছেন, চিকিৎসাসেবার সঙ্গে রোগী ও চিকিৎসক—দুটি পক্ষ সম্পৃক্ত। চিকিৎসাসেবা বিষয়ে সরকার যে আইন করছে, তাতে রোগী ও চিকিৎসাসেবা দেওয়ার সঙ্গে যারা জড়িত, সবারই সুরক্ষা থাকা দরকার। তবে আইনে কারও দায়মুক্তির বিধান রাখা ঠিক হবে না।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে খসড়া চিকিৎসাসেবা আইন নিয়ে গোলটেবিল বৈঠকে তাঁরা এসব কথা বলেন। আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এই বৈঠকের আয়োজন করে।
একাধিক আলোচক বলেন, চিকিৎসা, সাংবাদিকতা—এগুলো শুধু পেশা নয়, এসব মহান পেশার সঙ্গে মানুষকে সেবা দেওয়ার, সমাজসেবা করার বিষয় জড়িত। রোগী ও চিকিৎসকের সম্পর্ক আইন দিয়ে নিরূপণ করা সম্ভব নয়। বর্তমান পরিস্থিতিতে আইনের প্রয়োজন হয়ে পড়েছে। আইন যদি করতেই হয়, তবে সেই আইন হতে হবে রোগী ও চিকিৎসক—উভয়ের কল্যাণে। খসড়া আইনে রোগীর সুরক্ষার কোনো বিধান রাখা হয়নি।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, স্বাস্থ্য খাতে নানা অপ্রতুলতার কারণেই রোগী সেবা নিয়ে অভিযোগ করেন। অভিযোগ করলেই পুলিশ চিকিৎসককে ধরে নিয়ে যাচ্ছে। কোনো অভিযোগ থাকলে প্রথমে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে জানানো উচিত। সমাধান না হলে সংক্ষুব্ধ ব্যক্তি আদালতে যাবেন, আইনে এমন বিধানই থাকা দরকার।
দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার বলেন, চিকিৎসক ও সাংবাদিক একে অন্যের প্রতিদ্বন্দ্বী নন। বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার বলেন, সংবিধানে চিকিৎসাসেবাকে মৌলিক মানবাধিকার বলা হয়েছে। আইনে অপরাধের সংজ্ঞা স্পষ্ট করতে হবে।
জ্যেষ্ঠ সাংবাদিক রাহাত খান বলেন, চিকিৎসায় ভুল বা অবহেলা অসম্ভব কিছু নয়। তবে যত ক্ষোভই থাকুক, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য অধ্যাপক রশীদ-ই-মাহবুব বলেন, চিকিৎসাসেবা আইন ফৌজদারি আইন যেন না হয়। আইনে যেন এমন বিষয় না থাকে যে চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক কোনো ফৌজদারি অপরাধ করে ফেলেছেন। অনুষ্ঠানের সভাপতি ও স্বাচিপের সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান বলেন, গোলটেবিল বৈঠক থেকে খসড়া আইনের ওপর যেসব সুপারিশ আসবে, তা একত্র করে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। তবে একাধিক আলোচক খসড়ার ওপর বৃহত্তর পরিসরে আলোচনার দাবি করেন। আলোচনায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন স্বাচিপের মহাসচিব অধ্যাপক এম এ আজিজ।
অনুষ্ঠানে একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল বাবু, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (স্বাস্থ্য) জুলফিকার আলী লেনিন প্রমুখ বক্তব্য দেন।