জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন ঢাকার কেরানীগঞ্জের হারুন অর রশীদ। তিনি ভর্তি হওয়ার পর সব পরীক্ষা-নিরীক্ষা এই হাসপাতালেই করিয়েছেন। ওষুধও হাসপাতাল থেকে পেয়েছেন বিনা মূল্যে, খাবার পান চারবার। হাসপাতালের এই সেবায় তিনি খুশি। হাসপাতালের বর্তমান সেবার প্রশংসা করে আরেক রোগী স্বপন মিয়া বলেন, চিকিৎসক ও নার্সরা ঠিকমতো খোঁজখবর নেন। খাবার মানসম্মত, পরিবেশও ভালো।কেবল তাঁরা দুজন নন, এই হাসপাতালে চিকিত্সাধীন অনেকের সঙ্গে কথা বলেই এমন প্রশংসা শোনা গেছে। চিকিত্সাসেবা ও খাবারের মান নিয়ে তাঁরা সন্তুষ্ট। রোগীরা জানান, তাঁরা চান হাসপাতালের এই অবস্থা সব সময় বজায় থাকুক। কিন্তু আওয়ামী লীগ সমর্থিত চিকিত্সকদের সংগঠন স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) নিচের সারির কয়েকজন নেতা, কিছু কর্মচারী ও বহিরাগত ব্যক্তিদের অযাচিত হস্তক্ষেপ হাসপাতালের এই পরিবেশ নষ্ট করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেক চিকিত্সক ও কর্মচারী। তাঁরা বলছেন, এরই অংশ হিসেবে একদল সন্ত্রাসী গত ৩ নভেম্বর সকালে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক এ কে এম মহিবুল্লাহর দপ্তরে ঢুকে তাঁকে লাঞ্ছিত করে ও টেবিলের কাচ ভাঙচুর করে। পরিচালকের মোবাইল ফোনসেট ও দাপ্তরিক নথিপত্রও তারা নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত পোস্টার ছেঁড়ার মিথ্যা অভিযোগ এনে ওই ঘটনা ঘটানো হয়।এ ব্যাপারে স্বাচিপের মহাসচিব ইকবাল আর্সলান প্রথম আলোকে বলেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, বঙ্গবন্ধুর ছবিসংবলিত পোস্টার ছেঁড়ার ঘটনায় মহিবুল্লাহ জড়িত নন। স্বাচিপের অবস্থানও তাঁর বিপক্ষে নয়। তিনি খোঁজ নিয়ে জেনেছেন, হাসপাতালের নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী সরবরাহ করতে না পেরে একটি পক্ষ পরিচালকের দপ্তরে হামলা চালায়। হাসপাতাল সূত্র জানায়, ২০০৭ সালের এপ্রিলের আগেও এই হাসপাতালে অরাজক পরিস্থিতি ছিল। চিকিত্সকদের যোগসাজশে দালালেরা ক্লিনিকে রোগী ভাগিয়ে নিত। কমিশনপ্রত্যাশী চিকিত্সকেরা পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীকে তাঁদের পছন্দের রোগ নির্ণয় কেন্দ্রে (ডায়াগনস্টিক সেন্টার) পাঠাতেন। ওয়ার্ড বয় ও নার্সরা (সেবক) মেঝেতে চিকিত্সাধীন রোগীকে বিছানা পাইয়ে দিতেন টাকার বিনিময়ে। কিছু চিকিত্সক, কিছু চিকিত্সা প্রযুক্তিবিদ (মেডিকেল টেকনোলজিস্ট) পেসমেকার, রিং, ভাল্ব রোগীদের কাছে প্রায় দ্বিগুণ দামে বিক্রি করতেন। হূদযন্ত্র সচল রাখতে মানবদেহে পেসমেকার স্থাপন, ধমনির ব্লক সরাতে রিং ও রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে ভাল্ব সংযোজন করা হয়। ২০০৭ সালের এপ্রিলে মহিবুল্লাহ পরিচালকের দায়িত্ব নেওয়ার পর থেকে এই চিত্র বদলাতে থাকে। হাসপাতালের প্রশাসন সূত্র জানায়, দায়িত্ব নিয়েই মহিবুল্লাহ অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেন। চড়া দামে খাবারসহ বিভিন্ন মালামাল সরবরাহ করার অভিযোগ ওঠা কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করা হয়। রোগীর কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা নেওয়া, বাইরের ক্লিনিকে রোগী ভাগাতে দালালদের সহযোগিতা করা, কর্মস্থলে অনুপস্থিতি, কাজে গাফিলতি, ওষুধসহ বিভিন্ন মালামাল চুরির সঙ্গে জড়িত অভিযোগে চিকিত্সক, নার্সসহ ১০ কর্মচারীকে ২০০৮ সালের আগস্টে ঢাকার বাইরে শাস্তিমূলক বদলি করা হয়। এরপর হাসপাতালে স্বাভাবিক অবস্থা ফিরে আসে। রোগীরা কাঙ্ক্ষিত চিকিত্সাসেবা পেতে থাকেন। গত অর্থবছরে কর্তৃপক্ষ চার কোটি টাকা ব্যয়ে বিভিন্ন চিকিত্সাযন্ত্র ও সরঞ্জাম কিনেছে। ফলে আগের মতো হূদরোগীদের ইকোকার্ডিওগ্রাফির (হূদরোগ শনাক্ত করার পরীক্ষা) জন্য এখন আর সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করতে হয় না। ২৫০ শয্যার হাসপাতালটি গত বছর ৪১৪ শয্যায় উন্নীত হওয়ায় অনেক বেশি হূদরোগী এখানে চিকিত্সা নিতে পারছেন। হাসপাতাল সূত্র জানায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আগের নানা অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকা স্বাচিপের নিচের সারির কয়েকজন নেতা মহিবুল্লাহর বিরুদ্ধে নানা কুত্সা রটানোর পাশাপাশি তাঁকে অপসারণের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এরই অংশ হিসেবে তাঁদের আশীর্বাদপুষ্ট হূদরোগ ইনস্টিটিউটের গাড়িচালক হাবিবুর রহমান গত ২৫ আগস্ট পরিচালকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, ১৩ আগস্ট সকাল পৌনে আটটায় মহিবুল্লাহ হাসপাতালের দেয়ালে সাঁটানো বঙ্গবন্ধুর ছবিসংবলিত পোস্টার ছিঁড়ে ফেলার নির্দেশ দেন। তবে প্রশাসন বিভাগের নথিপত্রে দেখা যায়, ওই দিন বেলা দুইটা থেকে হাবিবুর রহমানের দায়িত্ব (ডিউটি) ছিল। তাই সকালে ওই ঘটনার সময় তাঁর হাসপাতালে উপস্থিত থাকার কথা নয়। এদিকে হাসপাতালে বিভিন্নজনের সঙ্গে কথা বলে ওই পোস্টার ছেঁড়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এসব বিষয়ে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক মহিবুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালে পোস্টার ছেঁড়ার কোনো ঘটনাই ঘটেনি। যারা হামলা চালিয়ে আমার দপ্তর তছনছ করেছে, তারাই এই অপপ্রচার চালাচ্ছে। পরিচালক বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে পরিচালনা করছি। বেশির ভাগ ক্ষেত্রে সফলও হয়েছি। বর্তমানে হূদরোগের সব আধুনিক চিকিত্সা ও ব্যয়বহুল পরীক্ষা কম টাকায় এই হাসপাতালেই করা হয়।’