চিকিৎসা করাতে পারছেন না মুক্তিযোদ্ধা হাবিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাবিব আহমেদ
হাবিব আহমেদ

দুবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বিছানায় পড়ে আছেন। টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ওপর রাজারামপুর কুমোরপাড়ার মুক্তিযোদ্ধা হাবিব আহমেদ।
হাবিব আহমেদ (৬৫) গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, গত ১৩ ডিসেম্বর সড়ক দুর্ঘটনায় তাঁর ঊরুর সংযোগস্থল ভেঙে যায়। তখন তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। সেখানকার চিকিৎসকেরা তাঁকে তখনই ঢাকায় পঙ্গু হাসপাতাল অথবা ভারতে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। কিন্তু টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারেননি। স্ত্রী ও দুই বেকার সন্তান নিয়ে তাঁর সংসার চলে মুক্তিযোদ্ধা ভাতায়। এর ওপর প্রায় তিন মাস আগে আরেক দফা সড়ক দুর্ঘটনার শিকার হন। তাঁর পাঁজরের কয়েকটি হাড় ভেঙে যায়। তখন চিকিৎসায় তাঁর স্ত্রীর সোনার গয়না বিক্রি ও সঞ্চয়ের সব টাকা শেষ হয়ে যায়।
হাবিবের বর্তমান চিকিৎসক রাজশাহীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, মুক্তিযোদ্ধা হাবিবকে ঢাকা কিংবা ভারতের উন্নত কোনো হাসপাতালে পাঠানো দরকার।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের কমান্ডার সিরাজুল হক বলেন, মুক্তিযোদ্ধা হাবিব সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অসহায় অবস্থায় বিছানায় পড়ে আছেন। মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রণালয় অথবা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা না পেলে তাঁকে বিনা চিকিৎসায় এভাবে পঙ্গু হয়েই থাকতে হবে।