চিকিৎসা কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা হাফিজুর রহমানের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাফিজুর রহমানের বিরুদ্ধে গতকাল বুধবার কামারখন্দ থানায় মামলা হয়েছে। মামলায় ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। হাফিজুর পলাতক রয়েছেন।পুলিশ, মামলার এজাহার ও পারিবারিক সূত্রের বক্তব্যমতে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের এক ব্যক্তির শিশুছেলে গত জুনে আহত হওয়ার পর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় হাসপাতালে তাকে দেখাশোনা করত ওই শিশুর বোন। মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। চিকিৎসা কর্মকর্তা হাফিজুর রহমান মেয়েটিকে প্রথমে কুপ্রস্তাব দেন। এতে মেয়েটি রাজি না হলে হাফিজুর তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কে রাজি করান। এরপর তিনি মেয়েটির সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং হাফিজুরকে বিষয়টি জানায়। তখন তিনি মেয়েটিকে গর্ভের সন্তান নষ্ট করতে বলেন। মেয়েটি রাজি না হয়ে তাকে বিয়ে করার কথা বলে। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মেয়েটি উপজেলা কমপ্লেক্সে ওই চিকিৎসকের বাসায় গেলে তিনি বিয়ের জন্য মেয়েটিকে বলেন তার বাবাকে খবর দিতে। এরপর মেয়েটিকে বাসায় রেখে কাজি ডাকার কথা বলে হাফিজুর বাসা থেকে বের হয়ে যান। এর পর থেকে তিনি পলাতক রয়েছেন।ওই স্কুলছাত্রী প্রথম আলোকে বলে, ‘বিয়ের কথা বলে ওই চিকিৎসক আমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। প্রায় তিন মাস আমাদের মধ্যে সম্পর্ক ছিল। আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় এখন তিনি পালিয়ে গেছেন।’মেয়েটির বাবা বলেন, ‘আমি দরিদ্র মানুষ। তাঁদের সম্পর্কের বিষয়ে আমি আগে কিছুই জানতাম না। এখন বিষয়টি মীমাংসার জন্য ওই চিকিৎসকের লোকজন আমাকে টাকাপয়সা দিতে চাচ্ছে।