ফেনী সদর হাসপাতালে চিকিৎসা কর্মকর্তার ২১টি পদের মধ্যে ১৬টিই শূন্য। এ ছাড়া দীর্ঘদিন ধরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহকারী পরিচালকের পদ দুটিও খালি। এতে রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
হাসপাতাল সূত্র জানায়, ২০১৪ সালের জানুয়ারি থেকে হাসপাতালের তত্ত্বাবধায়কের পদ শূন্য। সিভিল সার্জন হাসপাতালের তত্ত্বাবধায়কের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। নিজ দপ্তরে ব্যস্ততার কারণে গত তিন মাসে তিনি মাত্র এক দিন হাসপাতালে যেতে পেরেছেন। এদিকে হাসপাতালের সহকারী পরিচালকের পদও তিন বছর ধরে শূন্য।
সূত্র জানায়, হাসপাতালের জরুরি চিকিৎসা কর্মকর্তার সাতটি, চিকিৎসা কর্মকর্তার পাঁচটি, চিকিৎসা কর্মকর্তার (সার্জারি) দুটি, চিকিৎসা কর্মকর্তার (মেডিসিন) দুটি, চিকিৎসা কর্মকর্তার (অর্থো) একটি, চিকিৎসা কর্মকর্তার (অ্যানেসথেসিয়া) তিনটি ও প্যাথলজিস্টের একটি পদ আছে। কিন্তু এর মধ্যে আছেন মাত্র পাঁচজন।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ রোগী চিকিৎসা নিতে আসে। এ অবস্থায় পাঁচজন চিকিৎসা কর্মকর্তা ও চারজন কমিউনিটি চিকিৎসা কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে কোনো রকমে বহির্বিভাগে কাজ চালানো হচ্ছে।
সোনাগাজীর চরমজলিশপুর থেকে আসা আবু আহম্মদ নামের একজন রোগী জানান, তিনি হাসপাতালে এসে চিকিৎসা কর্মকর্তার সাক্ষাৎ পাননি। তাঁকে চিকিৎসা নিতে হয়েছে কমিউনিটি চিকিৎসা কর্মকর্তার কাছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কমিউনিটি চিকিৎসা কর্মকর্তার কাছে তো গ্রামেই যাওয়া যায়। বড় হাসপাতালে যাওয়ার দরকার কি?’
তত্ত্বাবধায়ক ও সহকারী পরিচালকের পদ শূন্য থাকায় প্রশাসনিক কাজকর্মে কোনো সমস্যা হচ্ছে কি না, এ প্রশ্নের জবাবে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা বলেন, জরুরি প্রয়োজনে সিভিল সার্জনের সঙ্গে মুঠোফোনে কথা বলে সমস্যার সমাধান করা হয়। তবে তিনি নিয়মিত হাসপাতালে বসতে পারলে আরও ভালো হতো।
হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা সিভিল সার্জন মোহাম্মদ ইউছুপ বলেন, কর্মচারী নিয়োগ, মন্ত্রণালয়ে যাওয়া-আসা, জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপকেন্দ্র দেখাশোনাসহ বিভিন্ন কাজে তাঁকে বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয়। এ কারণে তিনি নিয়মিত হাসপাতালে যেতে না পারলেও সব সময় খোঁজখবর রাখেন।
স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো. আলাউদ্দিন বলেন, হাসপাতালে তত্ত্বাবধায়কসহ বিভিন্ন পদ খালি থাকার বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরে জানানো হয়েছে।