দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের লোকবল সংকট
চিকিৎসা কার্যক্রম চালু হচ্ছে না ৫০ শয্যার নতুন ভবনে
লোকবল, গ্যাস-পানি ও জেনারেটর না থাকায় প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার ভবনে চিকিৎসা কার্যক্রম চালু করা যাচ্ছে না। ফলে চিকিৎসা নিতে আসা রোগীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২০ মে হাসপাতাল কর্তৃপক্ষ ভবনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বুঝে নিয়েছে। বর্তমানে ৩১ শয্যার এ হাসপাতালে সার্জারি, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ, ডেন্টাল সার্জন ও মেডিকেল অফিসারসহ চিকিৎসকের চারটি পদ শূন্য রয়েছে। ১৯ জুন সকালে দাউদকান্দি উপজেলার সবাহন গ্রামের সুভাস চন্দ্র দাস (৩৫), তাঁর ছেলে দীপ্ত দাস (৪); পেন্নাই গ্রামের আবদুল হালিমের মেয়ে পপি (৮), সেন্দি গ্রামের ফজলুর রহমানের স্ত্রী মাফিয়া (৬০), ওলানপাড়া গ্রামের শিরিনা (২৫), ষোলপাড়া গ্রামের পারভীন, তাঁর মেয়ে রিয়া (৫) এবং কচুয়া উপজেলার গবরখোলা গ্রামের আমেনা বেগম, তাঁর ছেলে লোকমান (১৩) চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁরা জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তাঁরা চিকিৎসকের দেখা পাননি। অনেকে বিনামূল্যে চিকিৎসার টিকিট দেওয়ার লোকটির দেখাও পাননি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল আলম বলেন, উন্নত যোগাযোগের কারণে পার্শ্ববর্তী মেঘনা, তিতাস, মুরাদনগর, চান্দিনা, চাঁদপুরের মতলব ও কচুয়া উপজেলার রোগীরাও চিকিৎসা নিতে এ হাসপাতালে আসেন। কিন্তু চিকিৎসক ও কর্মচারী সংকটে রোগীর চিৎিসাসেবা দিতে হাসপাতালে কর্মরত চিকিৎসকেরাই অনেক সময় রোগী হয়ে যান। নতুন ভবনটি বুঝে নিলেও লোকবল, গ্যাস-পানি ও জেনারেটরের সমস্যার কারণে চালু করা যাচ্ছে না।