জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগ ফুটবল খেলায় গত বুধবার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থী প্রচণ্ড আঘাত পেয়েছেন। আহত শিক্ষার্থীর চিকিৎসার খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বহন করার দাবিতে গতকাল বৃহস্পতিবার উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।
এদিকে খেলায় রেফারির বিরুদ্ধে ওঠা পক্ষপাতের অভিযোগের তদন্ত দাবি করেছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। গতকাল সকাল ১০টায় অনুষ্ঠিত বিভাগীয় একাডেমিক কমিটির সভায় এ দাবি জানানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিভাগের শিক্ষক আলী আকবর।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার বিকেল চারটার সময় কেন্দ্রীয় খেলার মাঠে আন্তর্জাতিক সম্পর্ক ও দর্শন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা হয়। খেলার দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বলে শট দিতে গিয়ে দর্শন বিভাগের খেলোয়াড় মো. রিয়াদুল ইসলামের বুট গোলরক্ষক কাজী রেহান মিয়ার পিঠে লাগে। এতে দুজনই মাঠে পড়ে যান। কিন্তু রেফারি মোহাম্মদ সেলিম মিয়া কোনো পক্ষের ফাউল ধরেননি। এ ঘটনার পর আহত গোলরক্ষককে বদল করে অন্য একজনকে মাঠে নামায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-১ গোলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে হারিয়ে দর্শন বিভাগ জয়লাভ করে। আহত রেহানকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে সন্ধ্যায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বেলা দেড়টার দিকে উপাচার্যকে স্মারকলিপি দেন বিভাগের শিক্ষার্থীরা। এতে আহত রেহানের চিকিৎসার সব ব্যয়ভার বিশ্ববিদ্যালয়ের বহন করা, পক্ষপাতের অভিযোগে রেফারিকে যাবতীয় খেলায় নিষিদ্ধ ঘোষণা করা, আঘাতকারী শিক্ষার্থী রিয়াদুলকে সব খেলা থেকে নিষিদ্ধ ঘোষণা করা ও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্তবিভাগ ফুটবল খেলা স্থগিত রাখার দাবি জানান তাঁরা। গতকাল সন্ধ্যায় রেহান মিয়া প্রথম আলোকে বলেন, ‘রিয়াদুল আমাকে ইচ্ছাকৃতভাবে মেরেছে কি না, তা বলা মুশকিল। তবে এতে আমার পিঠের বাঁ পাশের কয়েকটি হাড় ফেটে গেছে। ডাক্তার বিশ্রাম নিতে বলেছেন।’
রিয়াদুল বলেন, ‘এটা অনিচ্ছাকৃত ঘটনা। আমি রেহান ভাইয়ের সঙ্গে দেখা করেছি।’ রেফারি সেলিম মিয়া বলেন, ‘আমি কোনো পক্ষপাত করিনি। যদি তদন্ত হয়, তবে সত্যি ঘটনা বোঝা যাবে।’
আলী আকবর বলেন, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী রেহানের চিকিৎসার খরচ বহনের আশ্বাস দিয়েছেন।