চিকিৎসা গ্রহণের পর দেশে ফিরেছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ১৫ দিনের জার্মানি ও যুক্তরাজ্য সফর শেষ করে আজ মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন।
রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি মুন্সী জালাল উদ্দিন বাসসকে জানান, রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ডিপ্লোম্যাটিক কোরের ডিন আর্চবিশপ জর্জ কোচারি, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চাটার্টন ডিকসন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনীর ভারপ্রাপ্ত প্রধান, সহকারী বিমানবাহিনী প্রধান (অপারেশন), প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট অন্য বেসামরিক-সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
রাষ্ট্রপতি স্থানীয় সময় গতকাল সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করেন।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীন ও লন্ডনে বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
৯ অক্টোবর রাষ্ট্রপতি, তাঁর স্ত্রী রাশিদা খানম ও অন্য সফরসঙ্গীরা জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি ১৯ অক্টোবর বার্লিন থেকে লন্ডন পৌঁছান।
৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালে তিনি লন্ডন ও জার্মানিতে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করাতেন।