চিকিৎসা চলে নোংরা পরিবেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা শিশু হাসপাতালের ভেতরে যেখানে–সেখানে পড়ে আছে ময়লা–আবর্জনা। মরা ভেড়াও পড়ে আছে সেখানে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
ঢাকা শিশু হাসপাতালের ভেতরে যেখানে–সেখানে পড়ে আছে ময়লা–আবর্জনা। মরা ভেড়াও পড়ে আছে সেখানে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা। রাজধানীর শেরেবাংলা নগরের ঢাকা শিশু হাসপাতালে ঢুকেই আঁতকে উঠতে হলো। প্রধান ফটক দিয়ে ভেতরে ঢোকার পর হাতের বাঁয়ে ম্যানহোলের ঢাকনা খোলা। বর্জ্য উপচে ছড়িয়ে পড়ছে রাস্তায়। আর তা মাড়িয়ে শিশুদের কোলে নিয়ে বহির্বিভাগে টিকিট কাটতে যাচ্ছেন মা-বাবা কিংবা অভিভাবকেরা।
খোঁজখবর নিয়ে জানা গেল, প্রতিদিনই ম্যানহোলের আবর্জনা উপচে পড়ে। তখন ঢাকনা খুলে তরল বর্জ্য ফেলা হয় টিকিট কাউন্টারে যাওয়ার পথে। চাপটা কমে এলে আবার ঢাকনা নামিয়ে দেওয়া হয়। এ রকম চলছে প্রায় এক বছর ধরে। নোংরা আর দুর্গন্ধের মধ্যে চলছে শিশুদের চিকিৎসা।
এই নোংরা পরিবেশে শিশুদের চিকিৎসা বিষয়ে জানতে চাইলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন প্রথম আলোকে বলেন, হাসপাতালে সুস্থ হতে এসে নতুন রোগ নিয়ে অনেকে বাড়ি ফেরে। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর রোগীর সুস্থ হওয়া অনেকাংশে নির্ভর করে। পরিবেশ দূষিত হলে রোগীর শ্বাসতন্ত্র, কিডনি আক্রান্ত হতে পারে এবং সংক্রামক রোগ ছড়ায়।
ঢাকা শিশু হাসপাতাল শিশু চিকিৎসায় দেশের প্রথম ও প্রধান বিশেষায়িত হাসপাতাল। ৫৯০ শয্যার এই আধা সরকারি হাসপাতালে শুধু রাজধানী নয়, দেশের প্রায় সব অঞ্চল থেকে রোগী আসে। কর্তৃপক্ষের হিসাবে, প্রতিদিন বহির্বিভাগে রোগী ও তাদের অভিভাবক মিলে আড়াই থেকে তিন হাজার মানুষ আসেন এখানে। অন্যান্য সরকারি হাসপাতালের তুলনায় এখানে চিকিৎসা ব্যয় বেশি।
গতকাল ম্যানহোলের কাছে বসে ছিলেন কয়েকজন। কিছুটা ছায়া ছিল বলে ওই জায়গাটি বেছে নিতে বাধ্য হয়েছিলেন তাঁরা। মাছির ওড়াউড়িতে কথা বলতেও কষ্ট হচ্ছিল তাঁদের। এঁদের সবারই স্বজন হাসপাতালে ভর্তি। নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে এঁদের একজন বলেন, ‘আমরা পাঁচ দিন আগে আসছি। প্রতিদিনই একই দৃশ্য দেখতেছি। শুধু হাসপাতালের বাইরে না, ভেতরেও একই অবস্থা। টয়লেটগুলোয় ঢোকা যায় না। পুরা হাসপাতালেই গন্ধ। মাছির সাথে রাতের বেলা মশা যোগ হয়।’ তাঁর বোন ভর্তি আছে। নাম জানাজানি হলে বোনের চিকিৎসা হবে না—এই আশঙ্কা তাঁর।
এঁদের কথার সূত্র ধরে ওয়ার্ড ও কেবিন লাগোয়া ফাঁকা জায়গা ঘুরে অভিযোগের সত্যতা পাওয়া গেল। বহির্বিভাগ পেরোতেই হাতের বাঁ দিকে কর্মকর্তাদের কার্যালয়। আর ডান দিকে রোগীদের ওয়ার্ড-কেবিন ও পরীক্ষা-নিরীক্ষার প্রতিবেদন নেওয়ার কাউন্টার। ডান দিক ধরে কিছুদূর এগোতেই দেখা গেল, ফাঁকা জায়গায় একটি ভেড়া মরে পড়ে আছে। ময়লা-আবর্জনার স্তূপ। নালার অস্তিত্ব বোঝা যায় না।
হাসপাতাল এত নোংরা কেন জানতে আবার ঘুরে প্রশাসনিক এলাকার দিকে আসতে হয়। হাসপাতালের এই অংশটি দারুণ পরিষ্কার। ঢোকার মুখেই বড় একটি অ্যাকুরিয়াম। কর্মকর্তারা জানালেন, প্রতিটি করিডর, ওয়ার্ড ও কেবিনে আলাদা পরিচ্ছন্নতাকর্মী আছেন। তাঁদের দেখভাল করেন ওয়ার্ড মাস্টার, ওয়ার্ড মাস্টারদের ওপরে আছেন নিরাপত্তা কর্মকর্তা।
হাসপাতালের পরিচালক মনজুর হোসেন দেশের বাইরে। উপপরিচালক এইচ এস কে আলম প্রথম আলোকে বলেন, ‘নোংরা থাকার অভিযোগ আমি অস্বীকার করছি না। শুধু হাসপাতাল কর্তৃপক্ষই এ জন্য দায়ী নয়, যাঁরা সেবা নিতে আসছেন তাঁদেরও দায়দায়িত্ব আছে।’
ম্যানহোল থেকে আবর্জনা উপচে পড়া প্রসঙ্গে এইচ এস কে আলম বলেন, হাসপাতাল সম্প্রসারণে একটি প্রকল্পের আওতায় নয়তলা ভবন উঠছে। ভবনটি তৈরির সময়, পয়োনিষ্কাশনের বেশ কিছু নালা সরু হয়ে গেছে। সরু হওয়া নালা বর্জ্যের চাপ নিতে পারছে না। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার চিঠি দিয়েও কাজ হচ্ছে না।