চিকিৎসা চলে সিঁড়িতেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপু​ের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সিঁড়িতে রোগী l ছবি: প্রথম আলো
গাজীপু​ের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সিঁড়িতে রোগী l ছবি: প্রথম আলো

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ, প্রয়োজনীয় শয্যাসহ বিভিন্ন ধরনের সংকট রয়েছে। শয্যার অভাবে হাসপাতালের রোগীদের ঢালু সিঁড়ি (স্লোপ) ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে কয়েক শ রোগী চিকিৎসা নিতে আসে। কক্ষের অভাব থাকায় ছোট আয়তনের প্রতিটি কক্ষে তিন থেকে সাতজন করে চিকিৎসক বসে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। হাসপাতালের ১০ নম্বর কক্ষে দুজন শিশুবিশেষজ্ঞ, ১২ নম্বর কক্ষে গাইনি বিভাগে বিশেষজ্ঞসহ সাতজন চিকিৎসক বসছেন। ১১ নম্বর কক্ষে অর্থোপেডিকস বিশেষজ্ঞসহ তিনজন ও সার্জারি বিভাগে তিনজন বিশেষজ্ঞ বসছেন। এতে একই কক্ষে রোগীদের প্রচণ্ড ভিড় হচ্ছে। রোগী বেশি হওয়ায় একজন প্যাথলজিস্টের পক্ষে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, শয্যার অভাবে অনেকে হাসপাতালের মেঝে ও ঢালু সিঁড়িতে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের অনেকে ওষুধ ও খাবার বাইরে থেকে কিনে আনছেন।
গাজীপুর সিটি করপোরেশনের বিএডিসি সড়ক এলাকা থেকে পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক ব্যক্তি বলেন, শয্যার অভাবে তিনি হাসপাতালের সিঁড়িতে অবস্থান নিয়েছেন। ঠিকমতো খাবার ও ওষুধ পাচ্ছেন না তিনি। একই কারণে জেলার কাপাসিয়া উপজেলা থেকে আসা মীম (২৫) ও কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকা থেকে আসা ডায়রিয়ায় আক্রান্ত আরিফা বেগম (৩৫) হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালের পরিচালক এ টি এম মিজানুর রহমান বলেন, হাসপাতালটিতে ১০০ শয্যা থাকলেও এখানে নিয়মিত দুই শতাধিক রোগী ভর্তি থাকছে। এতে রোগীদের অনেককেই হাসপাতালের সিঁড়ি ও মেঝেতে থাকতে হচ্ছে। এ ছাড়া হাসপাতালটিতে শুধু ১০০ শয্যার ব্যবস্থাপনা থাকায় অতিরিক্ত ওষুধ, খাবার ও শয্যার সংকট দেখা দিয়েছে। তিনি আরও বলেন, হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করার বিষয়টি প্রক্রিয়াধীন।
হাসপাতালের অধ্যক্ষ সুভাস চন্দ্র সাহা বলেন, ২০১৪ সালের ১ জানুয়ারি গাজীপুর সদর হাসপাতালটিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল করা হয়। হাসপাতালটির ১৫ তলা ভবনের ৮ তলা পর্যন্ত নির্মাণকাজসহ আনুষঙ্গিক কাজ প্রায় শেষ পর্যায়ে। গত জুলাই মাসে ভবনটি হস্তান্তর করার কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা।
গাজীপুর গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী স্বপন চাকমা বলেন, প্রকল্পসংক্রান্ত একটি প্রস্তার মন্ত্রণালয় থেকে অনুমোদন না হওয়ায় যথাসময়ে হাসপাতালের ওই ভবনের নির্মাণকাজ শেষ হচ্ছে না।