চিকিৎসা তহবিলে কোটি টাকা শিক্ষার্থীদের সেবা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর কারমাইকেল কলেজের চিকিৎসা তহবিলে কোটি টাকার ওপরে পড়ে রয়েছে। অথচ কলেজের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ও কম্পাউন্ডার থাকলেও শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দেওয়ার কোনো ব্যবস্থা নেই।স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক বজলুর রহমান বলেন, ‘আমি এখানে ১৯ বছর ধরে আছি। এই কেন্দ্রে কোনো ওষুধ, এমনকি গজ-ব্যান্ডেজও নেই। নানা কারণে শিক্ষার্থীরা অসুস্থ কিংবা আহত হয়ে এলে তাঁদের চিকিৎসাসেবার জন্য শুধু পরামর্শ দেওয়া হয়। এত বড় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসাসেবা দিতে না পারলে খারাপই লাগে। কিন্তু এখানে আমার কী করার আছে।’ চিকিৎসা সহকারী মমতাজ হোসেন বলেন, আবাসিক ছাত্রীরা অসুস্থ হলেও চিকিৎসাসেবা দেওয়া যায় না। সম্প্রতি এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে চিকিৎসা দেওয়া যায়নি। ওই সময় শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরও করেছেন। এ রকম ঘটনা প্রায়ই ঘটে।কলেজ সূত্র জানায়, ভর্তির সময় এবং প্রতিবছর এক বর্ষ থেকে আরেক বর্ষে উন্নীত হওয়ার সময় প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ২০ টাকা করে চিকিৎসা ফি নেওয়া হয়। এই টাকা দিয়ে শিক্ষার্থীদের চিকিৎসা-সুবিধা দেওয়ার কথা। বর্তমানে কলেজে ১৭টি বিষয়ে সম্মান কোর্স চালু রয়েছে। এ শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৩ হাজার শিক্ষার্থী রয়েছে। গত ৩০ বছরে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া চিকিৎসা ফি এক কোটি টাকার ওপরে দাঁড়িয়েছে। এই টাকা কলেজের চিকিৎসা তহবিলে রয়েছে।স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা যায়, সেখানে ১৯ বছর ধরে অবসরপ্রাপ্ত সিভিল সার্জন বজলুর রহমান চিকিৎসক এবং মমতাজ হোসেন সহকারীর দায়িত্ব পালন করছেন। এ দুজনের মধ্যে চিকিৎসক সম্মানী ভাতা পান চার হাজার ৫০০ টাকা, আর সহকারীর বেতন চার হাজার ৯২০ টাকা। চিকিৎসক সপ্তাহে চার দিন এবং সহকারী শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত কর্মস্থলে থাকেন।সরেজমিনে দেখা যায়, কলেজের প্রবেশপথের বাঁ পাশে তিন কক্ষবিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্র ভবন। এর একটি কক্ষে চিকিৎসক ও অন্যটিতে কম্পাউন্ডার বসেন। সেখানে তাঁদের জন্য রয়েছে টেবিল-চেয়ার। চিকিৎসকের কক্ষে রোগীর জন্য একটি ছোট শয্যা রয়েছে। তবে কোনো চিকিৎসা সরঞ্জাম নেই। তৃতীয় কক্ষটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন ব্যবহার করছে। নাম প্রকাশে অনিচ্ছুক অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী অভিযোগ করেন, ‘কিছুদিন আগে আন্তবিভাগীয় ক্রিকেট খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছি। রক্ত বের হয়েছে। তীব্র যন্ত্রণা নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাই। কিন্তু সেখানে একটু সেভলনও পাইনি।’সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখার সভাপতি রেদওয়ানুল ইসলাম বলেন, স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসাসেবা পেতে বিভিন্ন সময় অধ্যক্ষের কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু এর কোনো সুরাহা হয়নি।অধ্যক্ষ শাহ মো. মোকসেদ আলী প্রথম আলোকে বলেন, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ও সহকারী থাকলেও সরকারি সিদ্ধান্ত ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। তবে শিক্ষার্থীদের কাছ থেকে চিকিৎসা ফি বাবদ নেওয়া বিপুল পরিমাণ টাকা কলেজ তহবিলে পড়ে আছে। এ টাকা দিয়ে কিছু একটা করা সম্ভব।