চিকিৎসা দেন এমএলএসএস!
রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর উপস্বাস্থ্যকেন্দ্র। গত মঙ্গলবার বেলা সাড়ে ১০টা। সেখানে তখন আগত রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন রোজিনা ইয়াছমিন নামের এক নারী। কথা বলতে গিয়ে জানা গেল, তিনি ওই স্বাস্থ্যকেন্দ্রের এমএলএসএস। তিনি বলেন, ‘কোনো চিকিৎসক না আসায় রোগীদের আমি চিকিৎসা দিচ্ছি। ফার্মাসিস্ট কাওছার রহমানের কাছে ওষুধের নাম শুনে শুনে চিকিৎসায় আমি অভিজ্ঞতা অর্জন করেছি।’
খোঁজ নিয়ে জানা গেছে, ওই উপস্বাস্থ্যকেন্দ্রটিতে চিকিৎসা কর্মকর্তার পদসহ চারটি পদ রয়েছে। চারটি পদেই লোক আছে। কিন্তু ওই দিন উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে শুধু পাওয়া যায় এমএলএসএস রোজিনাকে। কাগজে-কলমে নিয়োজিত আছেন এমবিবিএস চিকিৎসক মালিহা কুদ্দুস। কিন্তু তিনি সেখানে দায়িত্ব পালন না করে নিয়মিত রোগী দেখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সহকারী চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলামকে এখানে প্রেষণে (ডেপুটেশন) পাঠানো হয়েছে। কিন্তু তিনিও রোগী দেখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে চিকিৎসকের অভাবে রোগীদের চিকিৎসা দেন ফার্মাসিস্ট কাওছার রহমান। তাঁর অনুপস্থিতিতে রোগী দেখছিলেন রোজিনা ইয়াছমিন।
ওই দিন পাতলা পায়খানার ওষুধ নিতে ওই উপস্বাস্থ্যকেন্দ্রে আসেন লালদিঘী সরদারপাড়া গ্রামের বিলকিছ বেগম (৩০)। রোগীর কাছ থেকে বর্ণনা শুনেই রোজিনা তাঁকে দুটি খাওয়ার স্যালাইন ও চারটি ভিটামিন বি-কমপ্লেক্স বড়ি দেন। ওই দিন চিকিৎসা নিতে আসা লালদিঘীপাড়া গ্রামের রুহুল আমিন (৫০)সহ ১০ থেকে ১৫ জনকে রোগের নাম শুনেই ওষুধ দেন।
ওই দিন কাওছার রহমান মুঠোফোনে বলেন, ‘আমি ঈদের ছুটিতে গ্রামে আছি। আসলে আমার কিংবা ওই এমএলএসএসের উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়ার কথা নয়। কিন্তু চিকিৎসক না থাকায় এটা করতে হচ্ছে।’
উপস্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গেছে, এখানে উপজেলার রাধানগর, গোপীনাথপুর, রামনাথপুর ও দামোদরপুর ইউনিয়নের বাসিন্দারা চিকিৎসা নিতে আসে। চিকিৎসক থাকা সত্ত্বেও এমএলএসএসের চিকিৎসা দেওয়ার ঘটনায় ওই এলাকার মানুষজন ক্ষুব্ধ হয়ে উঠেছে। গত মঙ্গলবার লালদিঘী নাগরিক পরিষদের ব্যানারে ওই উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকপ্রাপ্তি ও কেন্দ্রটিকে হাসপাতালে উন্নীত করার দাবিতে মানববন্ধন হয়েছে।
পরিষদের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম বলেন, ‘আমাদের দাবি মানা না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
ওই উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মালিহা কুদ্দুস গতকাল দুপুরে মুঠোফোনে বলেন, ‘আমি ২০১২ সালের ২৬ ডিসেম্বর ওই উপস্বাস্থ্যকেন্দ্রে যোগ দিই। এরপরই আমাকে প্রেষণে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। আমি তখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখছি। এখন সেখানে কে রোগী দেখছেন, সেটা দেখার দায়িত্ব আমার নয়।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ‘আমি সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছি। এমএলএসএস রোগীদের চিকিৎসা দেওয়ার প্রশ্নই আসে না। বিষয়টি তদন্ত করে দেখা হবে।