চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার অভাবে গত শুক্রবার এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
চিকিৎসা নিতে আসা ওই রোগীর নাম খোদেজা খাতুন (৫০)। তাঁর বাড়ি উপজেলার ধাপ গ্রামে।
রোগীর ছেলে খাদেম আলী অভিযোগ করে জানান, শুক্রবার দিবাগত রাতে তাঁর মা খোদেজা খাতুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। পরে দায়িত্বে থাকা চিকিৎসক শিমুল তালুকদারকে তাঁর আবাসিক ভবনে গিয়ে ডাকা হয়। কিন্তু তিনি আসেন দুই ঘণ্টা পর। এরই মধ্যে চিকিৎসা না পেয়ে রোগী মারা যান।
এ বিষয়ে চিকিৎসক শিমুল তালুকদার জানান, রোগীটি হৃদ্রোগে আক্রান্ত এবং রক্তস্বল্পতায় ভুগছিলেন। মুমূর্ষু ওই রোগীকে জরুরিভিত্তিতে অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু স্বজনেরা অন্যত্র না নেওয়ায় তিনি মারা যান।
সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবদুর রাজ্জাক বলেন, অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুকুমার সুর রায়কে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।