চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগে পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। গত শুক্রবার বিকেলে রোগীদের স্বজন ও এলাকাবাসী তালা ঝুলিয়ে দেয়।ওই দিন বিকেল পাঁচটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগে তালা ঝুলছে। ওই বিভাগের সামনে রোগী, তাদের স্বজন ও এলাকাবাসীর জটলা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখানে একজন চিকিৎসা কর্মকর্তার দেখা পাওয়া যায়। চরপেঁচাকোলা গ্রামের আলমগীর হোসেন নামের এক রোগী জানান, শুক্রবার প্রায় দুই ঘণ্টা (বেলা তিনটা থেকে পাঁচটা) ধরে জরুরি বিভাগে অপেক্ষা করেও তিনি কোনো চিকিৎসকের দেখা পাননি। এ সময়ের মধ্যে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসে আট থেকে ১০ জন রোগী। চিকিৎসক না থাকায় তাঁদের কেউই সেবা পাননি। বিকেল সোয়া পাঁচটার দিকে রোগীদের ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী জরুরি বিভাগের কক্ষগুলোতে তালা ঝুলিয়ে দেয়। বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্তিক কুমার সাহা দাবি করেন, শুক্রবার বিকেলে জরুরি বিভাগে চিকিৎসক ছিলেন না—এ কথাটি সত্য নয়। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মিলন মাহমুদ কোয়ার্টারে গেলে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যেই ওই চিকিৎসক জরুরি বিভাগে এলেও রোগীর লোকজনকে মারমুখী আচরণে সেখানে ঢুকতে সাহস পাননি।