স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক আদেশে ২৫০ শয্যার কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল থেকে ২২ জন চিকিৎসককে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এতে গত দুই সপ্তাহে হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিদিন গড়ে তিন শতাধিক রোগী চিকিৎসা না নিয়ে ফিরে যাচ্ছে। হাসপাতালের একাধিক সূত্র জানায়, ওই চিকিৎসকেরা গত কয়েক বছরের ব্যবধানে হাসপাতালটিতে প্রেষণে এসেছিলেন। ১৫ মার্চ মন্ত্রণালয়ের আদেশবলে ২২ জন চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসককে প্রত্যাহার করে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালে ২৪ জন চিকিৎসক নিয়ে কোনোক্রমে চলছে সেবা কার্যক্রম। চিকিৎসক সংকট থাকায় বহির্বিভাগে আসা অসংখ্য রোগী চিকিৎসা না নিয়েই চলে যায় প্রতিদিন। হাসপাতালে প্রতিদিন গড়ে ১৫টি অস্ত্রোপচার হতো। এখন আটটির বেশি হয় না। গতকাল মঙ্গলবার হাসপাতালে গিয়ে দেখা গেছে, এক শয্যায় দুই-তিনজন রোগী। মেঝে-বারান্দায় সর্বত্র রোগী। রোগী ও দর্শনার্থীদের ভিড়, দুর্গন্ধ ও ভাপসা গরমে ভয়াবহ পরিস্থিতি। চিকিৎসকের দেখা মিলে না। ‘এইডা হাসপাতাল না, দোজখখানা।’ বললেন মহিলা ওয়ার্ডের রোগী সদর উপজেলার রশিদাবাদ গ্রামের নাজমা আক্তার (৩৮)। করিমগঞ্জ উপজেলার জয়কা গ্রামের রোগী আলাল (৪২) জানান, পেটে ব্যথা নিয়ে দুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর সঙ্গে পুরুষ ওয়ার্ডের পূর্ব কোণের মেঝেতে আছেন আরও দু্জন রোগী। প্রচণ্ড গরমে তিনজন রোগী একসঙ্গে থাকায় তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি জানান, ডাক্তার না থাকায় তাঁদের চিকিৎসা হচ্ছে না। হাসপাতালে অর্ধশতাধিক রোগীর সঙ্গে আলাপ করলে সবার মুখে একই কথা—চিকিৎসক নেই। চিকিৎসা মিলছে না। জানা গেছে, চিকিৎসক ছাড়াও হাসপাতালের কর্মচারীসহ বহু পদ শূন্য। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ২৮১টি পদের মধ্যে ১৮৬টি পদ শূন্য পড়ে আছে। পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মী ও সুইপার পদে লোক না থাকায় হাসপাতালটি অপরিচ্ছন্ন ও দুর্গন্ধময় হয়ে উঠেছে। নৈশ প্রহরী না থাকায় মাদকসেবীরা হাসপাতাল আঙিনাকেই তাদের অভয়াশ্রমে পরিণত করেছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল মজিদ বলেন, ‘প্রতিদিন বহির্বিভাগে দেড় হাজার রোগী ভিড় করে। আন্তবিভাগে প্রায় ৪০০ জন রোগীকে সামলাতে হচ্ছে। প্রেষণে চিকিৎসক এনে সিভিল সার্জন হাসপাতালটিকে কোনোভাবে চালিয়ে নিচ্ছিলেন। তা বাতিল করায় আমরা হিমসিম খাচ্ছি। রোগীরা আমাদের গালি-গালাজ করছে।’ হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন দীন মোহাম্মদ জানান, ১৩টি উপজেলার সরকারি প্রধান চিকিৎসাকেন্দ্র ২৫০ শয্যার হাসপাতাল চালাতে ৮৭ জন চিকিৎসক প্রয়োজন। হাসপাতালটি সচল রাখতে ২২ জনকে প্রেষণে এনে চিকিৎসাসেবা কোনোভাবে চলছিল। এখন তাঁরাও নেই। জরুরি ভিত্তিতে ৬৩টি শূন্য পদে চিকিৎসক নিয়োগ দেওয়ার আহ্বান জানান তিনি।