রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা উপস্বাস্থ্যকেন্দ্রে রোগীরা স্বাস্থ্যসেবা পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এ কেন্দ্রের ফার্মাসিস্ট একাই চারজনের দায়িত্ব পালন করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হিন্দুপাড়া গ্রামের ফজলার রহমান বলেন, ‘চার দিন থাকি জ্বর, সর্দি। ডাক্তার দেখাইতে আলছুনু, না পায়া ঘুরি যায়ছু। তোমরায় কনতো এটা কেমন হাসপাতাল, ডাক্তার থাকে না।’ বুধবার বেলা একটায় সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্যকেন্দ্রের ভবনে তালা ঝুলছে। কক্ষের পেছনের দেয়াল হেলে আছে। ইট-সুরকি খসে পড়েছে, দরজা-জানালও ভাঙা। কয়েকজন রোগী চিকিৎসকের খোঁজে এদিক-সেদিক ঘোরাঘুরি করছেন। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে মাছুয়াপাড়া গ্রামের ময়না বেগম জ্বর, মাথাব্যথা এবং জর্দ্দিপাড়া গ্রামের আছিয়া বেগম পেটের ব্যথা নিয়েই বিনা চিকিৎসায় ফিরে গেছেন। দৌলতপুর গ্রামের আতিয়ার রহমান (৭০) বলেন, ‘এমনি তো এটে কোনা ডাক্তার নাই, যায় আছে তায়ও ঠিক সময় আইসে না। ঔষুধ চাইলেও কয় নাই। যে টা হামার কোনো ওপোগারোত (উপকার) আইসে না, সেটা থাকি লাভ কি?’ খোঁজ নিয়ে জানা যায়, চারটি পদের মধ্যে চিকিৎসক, কর্মকর্তা, চিকিৎসা সহকারী ও পিয়নের পদটি শূন্য। একমাত্র ফার্মাসিস্ট কেন্দ্রের সব দায়িত্ব পালন করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাজাহান জানান, জনবলসংকটের কারণে উপস্বাস্থ্যকেন্দ্রে সেবা কিছুটা ব্যাহত হয়। তবে অফিস সময় সকাল নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কেন্দ্রটি বন্ধ থাকার কথা নয়। খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।