চিকিৎসা না পেয়ে শিশুর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্ল্লেক্সে চিকিৎসা না পেয়ে এক শিশু মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটির নাম শিল্পী আক্তার (৭)। সে কালিয়াকৈরের লতিফপুর গ্রামের বাসিন্দা জুলহাস মিয়ার মেয়ে। শিল্পীর স্বজনেরা জানান, গতকাল সোমবার দুপুরে শিল্পী বাড়ির পাশে ঘাটঘাটি বিলে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। যাওয়ার পথে ও হাসপাতালে পৌঁছার পর বিকেল পৌনে চারটার দিকে শিল্পী কয়েকবার বমি করে। এ সময় জরুরি বিভাগে নেওয়া হলেও সেখানে কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। এমনকি আবাসিক চিকিৎসকসহ অন্য চিকিৎসকেরও কোনো খোঁজ পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পর আবারও বমি করে বিকেল সোয়া চারটার দিকে বিনা চিকিৎসায় শিল্পী মারা যায়। শিল্পীর মারা যাওয়ার খবর পেয়ে এলাকাবাসী ও নিহতের স্বজনেরা হাসপাতালের ভেতরে গিয়ে বিক্ষোভ করেছেন। এর কিছুক্ষণ পর হাসপাতালের আবাসিক চিকিৎসক সোহরাব হোসেন হাসপাতালে পৌঁছালে উত্তেজিত এলাকাবাসী তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।খোঁজ নিয়ে দেখা গেছে, ডিউটি রোস্টার অনুযায়ী ওই সময় জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন চিকিৎসক মরিয়ম বেগম। তিনি থাকেন ঢাকার উত্তরায়। আর আবাসিক চিকিৎসক সোহরাব হোসেন ব্যস্ত ছিলেন একটি কলেজের বৈঠকে।চিকিৎসক মরিয়ম বেগম মুঠোফোনে প্রথম আলোকে জানান, অসুস্থতার কারণে তিনি গতকাল হাসপাতালে যেতে পারেননি। আবাসিক চিকিৎসক (আরএমও) সোহরাব হোসেন জানান, ওই সময় তিনি পাশের এক কলেজের বৈঠকে ব্যস্ত ছিলেন। খবর পেয়ে তিনি হাসপাতালে আসেন। তিনি স্বীকার করেছেন, ওই রোগী যখন হাসপাতালে আসে, তখন কোনো চিকিৎসক ছিলেন না।কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌফিকুর রহমান জানান, এক মামলার সাক্ষ্য দিতে তিনি সোমবার টাঙ্গাইল আদালতে গিয়েছিলেন। তবে হাসপাতালে জরুরি বিভাগে মরিম বেগমের থাকার কথা রয়েছে। তিনি কেন ছিলেন না, সেটা খতিয়ে দেখা হবে।