বৃহস্পতিবার সকাল পৌনে ১০টা৷ হাসপাতালের বহির্বিভাগের টিকিট পেতে রোগীদের দীর্ঘ সারি৷ টিকিট হাতে অনেকে চিকিৎসকের কক্ষের সামনে দাঁড়িয়ে৷ তখনো ২৭ জন চিকিৎসকের কেউই নিজ কক্ষে নেই৷
দীর্ঘ সময় অপেক্ষা করেও চিকিৎসকের দেখা না পাওয়ায় রোগীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন৷ রোগীদের একাংশ প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কক্ষসহ চিকিৎসকের সব কটি কক্ষে তালা ঝুলিয়ে দেন৷ কিছুক্ষণ পর আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা নিজ কক্ষে এলে তাঁকে প্রায় ৪০ মিনিট অবরুদ্ধ থাকতে হয়। চিকিৎসা না পেয়ে রোগীদের ক্ষোভের এ বহিঃপ্রকাশ ঘটে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে৷
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, চিকিৎসা নিতে এখানে গড়ে প্রতিদিন ৪০০ রোগী আসে৷ গড়ে চারজন চিকিৎসক উপস্থিত থাকলেও ৩০০ থেকে ৩৫০ রোগীর চিকিৎসা দেওয়া যায়৷ চিকিৎসক অনুপস্থিতির কারণে অধিকাংশ দিন শতাধিক রোগীকে চিকিৎসা না নিয়েই ফিরে যেতে হচ্ছে৷
সরেজমিনে দেখা যায়, গতকাল সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো চিকিৎসক ছিলেন না৷ সাড়ে ১০টার পর দন্ত বিভাগের চিকিৎসক কুলছুম নাহার কক্ষে এসে রোগী দেখা শুরু করেন৷ এক ঘণ্টার মধ্যে ১৮ জন নতুন রোগীর চিকিৎসা দেন তিনি৷ পুরোনো রোগী দেখেন ৩০ জন৷ সব কক্ষ ফাঁকা থাকায় ‘ডাক্তার কই, ডাক্তার নাই, ডাক্তার কখন আইব’ রব ওঠে রোগীদের মুখে৷
পরিস্থিতি সামাল দিতে বেলা ১১টার দিকে হন্তদন্ত হয়ে হাসমত আলী নামের একজন সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ৩৩ নম্বর কক্ষে বসে ব্যবস্থাপত্র দেওয়া শুরু করেন৷ ঘড়ির কাঁটা ধরে হিসাব করে দেখা গেছে, তিনি ১৫ মিনিটে ২৬ জন রোগীর ব্যবস্থাপত্র দিয়েছেন৷ অর্থাৎ সমস্যার কথা শুনে ব্যবস্থাপত্র লেখা পর্যন্ত প্রতি রোগীর জন্য গড়ে তিনি মাত্র ৩৫ সেকেন্ড সময় ব্যয় করেছেন৷
হাসমত আলীর কাছ থেকে চিকিৎসা নিয়ে উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের আয়েশা খাতুন বলেন, ‘বেদনার (ব্যথা) বে কইতেই ডাক্তার ওষুধ লেইখা ফেলাইল৷ এই ওষুধ খাইলে বেদনা কমব, না বাড়ব আল্লাহই জানে।’
বেলা সোয়া ১১টায় বিক্ষুব্ধ রোগীরা প্রথমে টিকিট বিক্রি বন্ধ করে দেন এবং টিকিট বিলিকারী আমিনুল ইসলাম ও সোহেল মিয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে উদ্যত হন৷ পরে কয়েকজন রোগীর সহায়তায় আমিনুল ও সোহেল স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ করেন৷
আমিনুল ইসলাম বলেন, ‘ডাক্তারশূন্য থাকলেও আমাদের টিকিট দিতে হয়৷ ডাক্তার না পাইলে আবার আমাদের তোপের মুখে পড়তে হয়৷’
হইচই শুনে আবাসিক চিকিৎসা কর্মকর্তা কামাল আহমেদ নিজ কক্ষে ঢুকে রোগী সামাল দেওয়ার চেষ্টা করেন৷ বিক্ষুব্ধ লোকজন আবাসিক চিকিৎসা কর্মকর্তাকে ১১টা ২৫ মিনিট থেকে ১২টা ৫ মিনিট পর্যন্ত নিজ কক্ষে অবরুদ্ধ করে রাখেন৷
আবাসিক চিকিৎসা কর্মকর্তা বলেন, ‘না এসে বেতন পেলে তাঁরা আসবে কেন৷’ শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন না কেন? এমন প্রশ্নে তিনি বলেন, ‘কে শোনে কার কথা৷ অধিকাংশ চিকিৎসকের ক্লিনিক আছে৷ তাঁরা ক্লিনিকে বসে চিকিৎসা দিতে বেশি পছন্দ করেন৷’
যোগাযোগ করলে স্বাস্থ্য অধিদপ্তরের মনিটরিং সেলের কনসালট্যান্ট বশিরুল ইসলাম বলেন, ‘ভৈরব হাসপাতালে ডাক্তার থাকে না, এ অভিযোগ আগ থেকেই অবগত আছি৷ শুনেছি, অনেক চিকিৎসকের একাধিক ক্লিনিক আছে৷ এর প্রতিকার চেয়ে দুদিন আগে মহাব্যবস্থাপকের কাছে চিঠি দিয়েছি৷’