চিকিৎসা নিতে আসা শিশুদের ৪৫ শতাংশের জন্মগত ত্রুটি!
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশুদের প্রায় ৪৫ শতাংশেরই জন্মগত ত্রুটি পাওয়া গেছে। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত শিশু সার্জারি বিভাগে চিকিৎসা নেওয়া ১২ হাজার ৬৮৯ জনের ওপর পরিচালিত এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে।
গবেষণায় দেখা যায়, শারীরিক ত্রুটি নিয়ে জন্মানো শিশুদের ৯৪ শতাংশ এসেছে মধ্য ও নিম্ন আয়ের পরিবার থেকে। জন্মগত ত্রুটিযুক্ত ছেলেশিশুর সংখ্যা মেয়েদের প্রায় দ্বিগুণ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা এ ধরনের শিশুদের মধ্যে মারা গেছে ২২৫ জন। এই সংখ্যা চার বছরে চিকিৎসা নিতে আসা মোট শিশুর ৩ দশমিক ৯৭ শতাংশ।
বিশ্বস্বাস্থ্য সংস্থা নবজাতকের মৃত্যুর ক্ষেত্রে জন্মগত ত্রুটিকে ৪ নম্বর সমস্যা হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটির হিসাবে বিশ্বে প্রতি ১০০ নবজাতকের মধ্যে ৩ দশমিক ৭ শতাংশ জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। তবে বাংলাদেশে জন্মগত ত্রুটি নিয়ে কত শিশু জন্ম নেয়, তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। সবচেয়ে কম জন্মগত ত্রুটি নিয়ে শিশু জন্মায় জাপানে, ১ দশমিক ০৭ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সারা বিশ্বে ৫০ শতাংশ জন্মগত ত্রুটির কোনো ব্যাখ্যা নেই।
চিকিৎসকেরা বলছেন, গর্ভকালীন অবস্থায় চিকিৎসকের পরামর্শ না নেওয়া, অসচেতনতা, গর্ভাবস্থায় ছোটখাটো সমস্যায় চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ সেবন, নিকট আত্মীয়ের সঙ্গে বিয়ে, পরিবেশ দূষণ, বংশগত সমস্যা, তেজস্ক্রিয়তা, হাসপাতাল কিংবা মাতৃসদনের বাইরে সন্তান প্রসব—মূলত এসব কারণে শিশুর শরীরে জন্মগত ত্রুটি থাকতে পারে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান তাহমিনা বানুর নেতৃত্বে জন্মগত ত্রুটি নিয়ে গবেষণাটি হয়। এ কাজে তাঁকে সহযোগিতা করেন শিশু সার্জন তানভির কবির চৌধুরী, সহদেব কুমার দাশ, মো. জুনায়েদ চৌধুরী, সার্জন মো. মমতাজুল হক ও সহকারী অধ্যাপক এম মুশফিকুর রহমান। তাঁরা সবাই তখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে দায়িত্ব পালন করতেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ জার্নালে গত বছর ‘বার্থ ডিফেক্ট: এ হসপিটাল বেইজড স্টাডি ইন চিটাগাং, বাংলাদেশ’ এই শিরোনামে গবেষণাটি প্রকাশ করা হয়।
অধ্যাপক তাহমিনা বানু বলেন, জন্মগত ত্রুটি নিয়ে ভর্তি হওয়া শিশুদের মধ্যে বেশির ভাগই খাদ্যনালি-সংক্রান্ত জটিলতা যেমন হার্নিয়া, কিডনি ও মূত্রনালির সমস্যায় আক্রান্ত। এসব ক্ষেত্রে যত সম্ভব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। চিকিৎসার মাধ্যমে ৭০ শতাংশ জন্মগত ত্রুটি সারিয়ে তোলা যায়।
চার মাস আগে প্রথম সন্তানের জন্ম দেন চট্টগ্রামের হাটহাজারীর রুমা আক্তার। দুই মাস পর হঠাৎ তিনি খেয়াল করেন শিশুটি প্রস্রাব করার সময় অনেক বেশি কান্না করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি করানোর পর চিকিৎসকেরা তাঁকে জানান, শিশুটির কিডনি ও মূত্রনালির সংযোগস্থলে প্রতিবন্ধকতা (ব্লক) আছে। এটি জন্মগত ত্রুটি।
রুমা আক্তারের মতো রাঙ্গুনিয়ার রুমা বেগম গত মাসে সন্তান জন্ম দেওয়ার এক সপ্তাহ পরই শিশুকে হাসপাতালে ভর্তি করান। শিশুটির অনবরত প্রস্রাব ঝরে। এটিও জন্মগত ত্রুটি বলে জানান চিকিৎসকেরা।
অধ্যাপক তাহমিনা বানু বলেন, শিশুর জন্মগত ত্রুটি রয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে গর্ভাবস্থাতেই নির্ণয় করা সম্ভব। কিন্তু বাংলাদেশে এখনো সব প্রসূতি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করান না। তিনি বলেন, আমাদের দেশে জন্মগত ত্রুটি নিয়ে কত শিশু জন্মায়, তার কোনো পরিসংখ্যান বা গবেষণা নেই। ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে যদি চিকিৎসক, নার্সরা শিশুর চোখ, মুখ, কান, মূত্রনালি পরীক্ষা করেন, তাহলে জন্মগত ত্রুটি রয়েছে কি না, তা দ্রুত নির্ধারণ করা সম্ভব। তবে এর জন্য চিকিৎসক-নার্সদের প্রশিক্ষণের দরকার রয়েছে।
গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাঁচ বছরে শিশু সার্জারি বিভাগে ১২ হাজার ৬৮৯ জন শিশু ভর্তি হয়। এর মধ্যে ৫ হাজার ৬৬১ জনের জন্মগত ত্রুটি পাওয়া যায়, যা ভর্তি হওয়া শিশুদের ৪৪ দশমিক ৬১ শতাংশ। এর মধ্যে ছেলে ৩ হাজার ৮৩৭ জন এবং মেয়ে ১ হাজার ৭৬১ জন। এ ছাড়া জন্মগত ত্রুটি নিয়ে তৃতীয় লিঙ্গের শিশু ভর্তি হয় ৬৩ জন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০০৯ সালে ২ হাজার ১৬২ জন শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি হয়। এর মধ্যে ৬০ দশমিক ০৪ শতাংশ শিশুর জন্মগত ত্রুটি পাওয়া যায়। ২০১০ সালে ভর্তি হয় ২ হাজার ৪৭০ জন। এর মধ্যে জন্মগত ত্রুটি ছিল ১ হাজার ১৪৩ জনের, যা মোট শিশুর ৪৬ শতাংশেরও বেশি।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, জন্মগত ত্রুটি থাকা ৩ হাজার ৯২১টি শিশুর বড় ধরনের অস্ত্রোপচার হয়। অন্যদের ছোট অস্ত্রোপচার কিংবা ওষুধের মাধ্যমে সুস্থ করে তোলা হয়। তবে ১৫ থেকে ২০ শতাংশ সুস্থ হলেও প্রতিবন্ধিতা নিয়েই তাদের বাড়ি ফিরতে হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, এ বছরের আগস্ট মাসে শিশু সার্জারি ওয়ার্ডে ভর্তি হওয়া ৩১৭ শিশুর মধ্যে ১৫০ জনের জন্মগত ত্রুটি পাওয়া গেছে।
চিকিৎসকেরা জানান, কিছু জন্মগত ত্রুটি যেমন কানের ফুটো না থাকা, ঠোঁট ও তালু কাটা, হাত ও পায়ের সমস্যা, পায়ুপথ ও মূত্রনালির রাস্তা বন্ধ থাকা—এসব সমস্যা বাবা-মায়েরা দেখলেই বুঝতে পারবেন। খাওয়ার পর বারবার বমি করা, শ্বাসকষ্ট হওয়া, পেট ফুলে যাওয়া, নীল হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণ দেখা দিলে বুঝতে হবে শিশুর সমস্যা হচ্ছে। চিকিৎসায় এর একটা বড় অংশ ভালো হয়।