চিকিৎসা নিতে গিয়ে চুরি ও ছিনতাইয়ের শিকার রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছিনতাইকারী, পকেটমার, দালাল ও প্রতারকদের উৎপাত আশঙ্কাজনক হারে বেড়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালের ওয়ার্ডের ভেতরে ও বাইরে প্রতিদিনই চুরি হচ্ছে রোগী ও তার সঙ্গের লোকজনের টাকা, মোবাইল ফোনসেটসহ বিভিন্ন জিনিস। চুরি হচ্ছে চিকিৎসকদের জিনিসপত্রও।অভিযোগ পাওয়া গেছে, ওয়ার্ডের ভেতরের চুরির ঘটনায় কিছু ওয়ার্ডবয় ও আয়ার যোগসাজশ রয়েছে। প্রায় দুই মাস আগে মোবাইল ফোনসেট চুরির অভিযোগে মো. কালাম নামে এক ওয়ার্ডবয় গ্রেপ্তার হন। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে একই অভিযোগে রোগীদের অভিভাবকেরা দুই আয়াকে আটক করেছিলেন।সরেজমিনে গিয়ে জানা গেছে, মেডিসিন, প্রসূতি ও সার্জারি ওয়ার্ডে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে। গত দুই মাসে এসব ঘটনা বেড়েছে। রোগীদের পাশাপাশি কয়েকজন চিকিৎসকেরও টাকা-মোবাইল ফোনসেট খোয়া গেছে।পুলিশ সূত্র জানায়, গত ২৩ আগস্ট ক্যানসার ওয়ার্ডের সামনে এক রোগীর আত্মীয়ের কাছ থেকে মোবাইল ফোনসেট ছিনতাইয়ের চেষ্টা করে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় মো. জাহেদ ও সোহাগ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। একইভাবে ১ সেপ্টেম্বর রাতে চুরির ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গণপিটুনি দেওয়া হয়। এর আগে গত ২৭ আগস্ট কক্সবাজার থেকে আসা মো. আলী নামে এক রোগীর জিনিসপত্র চুরি হয়।পুুলিশ সূত্র আরও জানায়, ২৭ আগস্ট চিকিৎসকেরা মো. আলীকে সিটি স্ক্যান করার পরামর্শ দেন। ওই দিন তিনি ও তাঁর স্ত্রী ওয়ার্ড থেকে বের হচ্ছিলেন। কিন্তু ওয়ার্ড থেকে বের হওয়ার পরই দেখেন, তাঁর স্ত্রীর পাঁচ হাজার টাকাভর্তি হাত ব্যাগটি কোমরে নেই। ফটকের মুখে ভিড়ে সেটি চুরি হয়ে গেছে। এক মাস আগে হাসপাতালের সিঁড়িতে ১৬ নম্বর মেডিসিন ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার বনানী বড়ুয়ার মোবাইল ফোন পকেট থেকে হারায়। একই সময়ে ৯ নম্বর শিশুস্বাস্থ্য ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার গোলাম মো. তৈয়বের মোবাইল ফোনও খোয়া যায়।হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এএসআই) মো. জহিরুল ইসলাম বলেন, ‘ওয়ার্ডের বাইরে ছিনতাই কিছুটা কমেছে। তবে ওয়ার্ডের ভেতরে এখন চুরি বেড়েছে। ভেতরে ওয়ার্ডবয় ও চিকিৎসকেরা থাকেন। সেখানে চুরি হলে আমরা কীভাবে থামাব?’ তিনি বলেন, ‘এখানে যারা ছিনতাই করত তাদের গ্রেপ্তার করেছি। এখন নতুন কিছু ছেলে ছিনতাই-চুরি করছে।’জানা গেছে, চান্দাইয়া ও বাচাইয়া নামে দুটি গ্রুপ হাসপাতালে ছিনতাই-চুরির সঙ্গে জড়িত। এ দুটি গ্রুপে প্রায় ২০ জন সদস্য আছে। দুই গ্রুপের অনেক সদস্যকে এর আগে একাধিকবার গ্রেপ্তার করা হয়। জামিনে বের হয়ে তারা আবার একই অপরাধ করছে। পুলিশ দাবি করছে, হাসপাতালের কিছু ওয়ার্ডবয়, দারোয়ান ও আয়াদের কারণে ওয়ার্ডের ভেতরে চুরি বন্ধ হচ্ছে না। দারোয়ানেরা অনেক দর্শনার্থীকে মেরেছে—এমন ঘটনাও ঘটেছে। গত ১২ জানুয়ারি বন্ধননাথ নামে এক দর্শনার্থীকে ১৬ নম্বর ওয়ার্ডের দারোয়ান বাবু তালা দিয়ে মেরে মাথা ফাটিয়ে মোবাইলটি ছিনিয়ে নেয়।রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, জরুরি বিভাগ থেকে ওয়ার্ডে ভর্তির সময় রোগীর সঙ্গে কিছু অবাঞ্ছিত লোকজন ঢোকে। চিকিৎসকেরা তাদের রোগীদের লোক মনে করেন, আর রোগীরা মনে করেন হাসপাতালের লোক। অনেক রোগী হাসপাতালের লোক ভেবে ওষুধ আনতে এদের হাতে টাকা দেন। এভাবে রোগীর টাকা নিয়ে তারা পালিয়ে যায়। এ ছাড়া ওয়ার্ডের বাইরে ফটকের সামনে দালালেরা ফুঁসলিয়ে রোগীদের নামসর্বস্ব কিছু ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়।হাসপাতালের উপপরিচালক মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘চুরির অপরাধে আমরা কিছুদিন আগে এক কর্মচারীকে বরখাস্ত করেছি। চুরি, ছিনতাইসহ অপরাধ ঠেকাতে আমরা চেষ্টা করছি। কিন্তু এখানে মিছিলের মতো দর্শনার্থী আসে। এ সুযোগ নিচ্ছে চোরেরা।’এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতক, রক্ত, ওষুধ এমনকি কঙ্কাল চুরির ঘটনাও ঘটেছে। ২০০৬ সালে হাসপাতালের গবেষণাগার থেকে ১০টি কঙ্কাল চুরি ও ২০০৭ সালে প্রসূতি বিভাগ থেকে তিনটি নবজাতক চুরি হয়। এসব ঘটনার তদন্তে হাসপাতালের তখনকার কর্মচারীদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছিল পুলিশ।