চিকিৎসা নিতে বিএসএমএমইউতে সাঈদী
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁকে সেখানে নেওয়া হয়।
বিএসএমএমইউর পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সাঈদী কোমর ও হাঁটুর ব্যথায় ভুগছেন। তাঁকে হাসপাতালের অর্থোপেডিকস বহির্বিভাগে সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গাজীপুরের কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এ ছিলেন সাঈদী। কারাধ্যক্ষ আমজাদ হোসেন আজ প্রথম আলোকে বলেন, অসুস্থতার কারণে গতকাল সোমবার সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। সেখান থেকে তাঁকে আজ বিএসএমএমইউতে পাঠানো হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে সেই সর্বোচ্চ সাজা থেকে রেহাই পেয়েছেন তিনি। মৃত্যুদণ্ডের পরিবর্তে তাঁকে আমৃত্যু কারাগারে থাকার দণ্ড দিয়েছেন সর্বোচ্চ আদালত। গত ১৭ সেপ্টেম্বর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের করা আপিল আংশিক মঞ্জুর করে এ রায় দেন।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় ২০১০ সালের ২৯ জুন সাঈদী গ্রেপ্তার হন। ওই বছরের ২ আগস্ট তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ২৮ মার্চ দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ। গত বছরের ২৪ সেপ্টেম্বর আপিলের শুনানি শুরু হয়।