চিকিৎসা পাচ্ছেন না জাপা নেতার গুলিতে আহত রিকশাচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জাতীয় পার্টির (জাপা) নেতার গুলিতে আহত রিকশাচালক শফিকুল ইসলাম টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না৷ এদিকে ঘটনার ৩৮ দিন পেরিয়ে গেলেও ওই নেতার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি৷
গতকাল রোববার দুপুরে শফিকুল ইসলামের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর বড় ভাই মতিন মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘আমার ভাইকে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সহসভাপতি ও জেলা জাতীয় পার্টির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান মিয়া গুলি করে গুরুতর আহত করেন। শরীরের গুলিবিদ্ধ স্থানে বর্তমানে পচন ধরেছে৷ বাসায় তিনি সারাক্ষণ যন্ত্রণায় কাতরাচ্ছেন। টাকার অভাবে চিকিৎসা করানো যাচ্ছে না৷ ঘটনার পর শাহজাহান মিয়া চিকিৎসার জন্য কিছু টাকা দিয়ে আমাদের আইনানুগ ব্যবস্থা না নিতে অনুরোধ করেন। এখন আর তিনি আমাদের খোঁজ নিচ্ছেন না।’
শফিকুল ইসলাম বলেন, ‘শাহজাহান মিয়া আমাকে এককালীন টাকা দেওয়ার কথা থাকলেও তিনি আমার কোনো খোঁজখবর নিচ্ছেন না। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
শাহজাহান মিয়া বলেন, ‘অসাবধানতাবশত আমার লাইন্সেস করা পিস্তল থেকে গুলি বের হয়ে রিকশাচালক আহত হওয়ায় তাঁর চিকিৎসা খরচ আমি বহন করেছি।’
সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জীবনকান্তি সরকার বলেন, ‘আমরা জানতে পেরেছি, বিষয়টি নিয়ে জাপা নেতার সঙ্গে শফিকুলের মীমাংসা হয়েছে। তবে শফিকুল অভিযোগ দিলে থানায় নিয়মিত মামলা নেওয়া হবে।’
গত ১০ এপ্রিল উপজেলার শান্তির বাজার এলাকায় জাপার স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন একটি সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে যান। ওই অনুষ্ঠানে যেতে বারদী বাজার থেকে রিকশায় চড়েন শাহজাহান মিয়া। পথে রিকশাচালক শফিকুলের সঙ্গে ভাড়া নিয়ে তাঁর কথা-কাটাকাটি হয়৷ একপর্যায়ে শাহজাহান মিয়া তাঁকে পিস্তল দিয়ে গুলি করেন।