
পাড়ার কাছে চালু হওয়া নতুন কমিউনিটি ক্লিনিকে এসে সুজন ত্রিপুরা নিজের আবেগ ধরে রাখতে পারলেন না। আর কয়েক মাস আগে এই হাসপাতাল চালু হলে দুই ছেলে অজয় (৭) ও বিজয়কে (৫) এভাবে হারাতে হতো না তাঁকে। হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়া যায় জানতেন না তিনি। এই ব্যবস্থা দেখে ভালো লাগছে যতটা, ততটাই আক্ষেপ আর হাহাকার ঘিরে ধরছে তাঁকে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের মধ্য সোনাইছড়ি ত্রিপুরাপাড়ার কাছে গতকাল বুধবার উদ্বোধন হয়েছে অস্থায়ী কমিউনিটি ক্লিনিক। গত ১২ জুলাই সীতাকুণ্ডের মধ্য ও দক্ষিণ ত্রিপুরাপাড়ায় হঠাৎ অসুস্থ হয়ে নয়টি শিশুর মৃত্যুর খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর স্বাস্থ্যসেবাবঞ্চিত বাসিন্দাদের চিকিৎসা দিতে চালু হলো এমন ব্যবস্থা। গতকালই সেখানে ৯০ জনেরও বেশি মানুষ চিকিৎসা নেয়। সকালে উদ্বোধনের পরপরই তিন মেয়ে নিয়ে কমিউনিটি ক্লিনিকে হাজির হয়েছিলেন সুজন ত্রিপুরা। তিনি সোনাইছড়িপাড়ার সরদারও (প্রধান)। তাই পাড়ার লোকজনকে ক্লিনিকে নিয়ে আসার দায়িত্ব পড়েছিল তাঁর ওপর।
সুজন ত্রিপুরার তিন মেয়ে সাবানা (১১), অঞ্জনা (৯) ও চম্পাও (৭) গত মাসে হামে আক্রান্ত হয়েছিল। পত্রিকায় সংবাদ প্রকাশের সুবাদে সে সময় তাঁর তিন মেয়ে হাসপাতালে চিকিৎসা পেয়েছিল। তবে তিনজনের কেউই পুরোপুরি সুস্থ হয়নি। এক সপ্তাহ ধরে বড় মেয়ে সাবানার কাশি, মেজ মেয়ে অঞ্জনা ও ছোট মেয়ে চম্পার শরীরে জ্বর। গতকাল তাই তাদের আবার চিকিৎসক দেখিয়েছেন। আসার সময় বিনা মূল্যেই পেয়েছেন ওষুধ।
সুজন ত্রিপুরা প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালটা থাকলে দুই ছেলেকে এভাবে হারাতে হতো না। এখানে এসে সব দেখে খুব আফসোস হচ্ছে। এমন ব্যবস্থা আছে, সেটাও জানতাম না। তবু গ্রামের সবাই এখন থেকে চিকিৎসা পাবে, এটা ভেবেই স্বস্তি লাগছে। গ্রামের লোকজনকে বলে দিয়েছি, নিয়মিত যাতে এখানে এসে ডাক্তার দেখায়।’
গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মধ্য সোনাইছড়ি ত্রিপুরাপাড়ার কাছে অস্থায়ী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী। উদ্বোধনের পর বেলা ৩টা পর্যন্ত সেখানে ৯৫ জন মানুষ চিকিৎসা নিয়েছে। তাদের বেশির ভাগই নারী ও শিশু।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এস এম নুরুল করিম বলেন, এই ক্লিনিকে আশপাশের ১২ হাজার মানুষ চিকিৎসাসেবা নিতে পারবে।
সিভিল সার্জন প্রথম আলোকে বলেন, অস্থায়ী কমিউনিটি ক্লিনিকটি উদ্বোধনের দিনেই ব্যাপক সাড়া মিলেছে। ত্রিপুরাপল্লির লোকজন ছাড়াও সেখানকার বাঙালিরাও চিকিৎসাসেবা নিয়েছে। লোকজনকে চিকিৎসাসেবা দিতে ওই ক্লিনিক সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত খোলা থাকবে।
মেয়ে বিজলিকে নিয়ে ক্লিনিকে ছিলেন সীতাকুণ্ডের মধ্য সোনাইছড়ি গ্রামের বাসিন্দা নাসরিন ত্রিপুরা। তিনি বলেন, তাঁর মেয়ের কয়েক দিন ধরে কাশি হচ্ছে। তাই এখানে নিয়ে এসেছেন। চিকিৎসকেরা জানিয়েছেন বিজলির কোনো অসুখ নেই। তবে তাকে কাশির ওষুধ দেওয়া হয়েছে।