চিকিৎসা বন্ধ রেখে স্বাচিপের নির্বাচনী সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা বন্ধ রেখে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনের প্যানেল পরিচিতি সভা করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতারা। গতকাল শনিবার তিন ঘণ্টা চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েন রোগীরা।
দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আগামী ৩ আগস্ট যশোর বিএমএ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে যশোর থেকে সিভিল সার্জনের নেতৃত্বে স্বাচিপের প্যানেল পরিচিতির জন্য কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে সকাল নয়টা থেকে বেলা ১২টা পর্যন্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্বাচিপের সভাপতি প্রার্থী কামরুল ইসলাম ওরফে পেনু, সাধারণ সম্পাদক এম এ আবুল বাশারসহ ২৩ জনের প্যানেলের অধিকাংশ সদস্য সভায় উপস্থিত ছিলেন। এ সময় সভায় উপস্থিত স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত সব চিকিৎসকের কাছে ভোটপ্রার্থনা করেন প্রার্থীরা। এদিকে সভা করার সময় হাসপাতালের বহির্বিভাগে দেড় শতাধিক রোগী চিকিৎসকের জন্য অপেক্ষা করছিলেন। উপজেলার প্রত্যন্ত বরনডালি গ্রাম থেকে চিকিৎসার জন্য এসেছিলেন মৌসুমী (২৬)। তিনি জানান, টিকিট কেটে সকাল থেকে চিকিৎসকের জন্য অপেক্ষা করছেন।
একপর্যায়ে দুপুর ১২টার পর চিকিৎসকেরা কক্ষে এসে রোগী দেখা শুরু করেন। কেশবপুর নাগরিক সমাজের নেতা মশিউর রহমান বলেন, এমনিতেই কেশবপুর হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তাঁরা কেউ কেউ ক্লিনিক নিয়ে ব্যস্ত থাকেন। আর আজকের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ জন্য চিকিৎসকদের শাস্তি হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
যশোরের সিভিল সার্জন আতিকুর রহমান খান বলেন, ‘এক থেকে দেড় ঘণ্টা সেবা বন্ধ ছিল। আমরা পেশাগত সংগঠন করি। এর জন্য সরকার আমাদের অনুমোদন দিয়েছে। এর নির্বাচন এলে প্রচারের জন্যে এতটুকু সুযোগ তো আমাদের দিতেই হবে।’