চিকিৎসা বিভাগের কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউন্সিলরদের সঙ্গে চিকিৎসকের দ্বন্দ্বের জের ধরে বগুড়া পৌরসভার চিকিৎসাসেবা বিভাগের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ কারণে রোগীরা ভোগান্তিতে পড়েছে।গতকাল বৃহস্পতিবার চিকিৎসা নিতে আসা শহরের উত্তর চেলোপাড়ার আবদুল বাসেদ বলেন, ‘২০ টাকা দিয়ে প্রতি মাসে এখানে ডায়াবেটিস পরীক্ষা করাই। কিন্তু তিন-চার দিন ঘুরেও এ মাসে পরীক্ষা করাতে পারিনি। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে রক্ত দিয়ে বসে আছি। দুপুরে বলা হচ্ছে চিকিৎসক নেই, পরীক্ষা হবে না।’ পৌর কাউন্সিলর আমিনুল ফরিদ ও আবদুর রহিম অভিযোগ করেন, চিকিৎসক আবদুল্লাহ আল মামুন পৌর পরিষদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গায়ের জোরে অফিস করছেন। তিনি গতকাল বৃহস্পতিবার তাঁর সহকারীকে দিয়ে রোগীর সিরিয়াল নিয়ে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন।আবদুল্লাহ আল মামুন বলেন, ‘তুচ্ছ একটি ঘটনার জের ধরে আমাকে বদলির চেষ্টা করা হচ্ছে। এতে পৌরসভার চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেছে। রক্তের নমুনা নেওয়ার পরও চিকিৎসা দিতে না দেওয়ায় বেশ কিছু রোগীকে অন্যত্র ডেকে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।’পৌর মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, ওই চিকিৎসক পৌরসভায় ১২ বছর ধরে চাকরি করছেন। তাঁর মধ্যে অহমিকা কাজ করছে। এ কারণে তিনি কাউন্সিলরদের সঙ্গে অসদাচরণ করছেন। পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তাঁকে বদলির জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত তিনি বাধ্যতামূলক ছুটিতে থাকবেন এবং চিকিৎসাসেবা তত দিন পর্যন্ত বন্ধ থাকবে।পৌরসভা সূত্র জানায়, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসা শিবির খোলার প্রস্তুতি নিয়েছিলেন কাউন্সিলর আমিনুল ফরিদ। এ নিয়ে আবদুল্লাহ আল মামুনের কক্ষে ২ মে কয়েক দফা দেখা করতে গেলে ব্যস্ততার অজুহাতে তিনি বারবার ফেরত দেন। বিষয়টি মেয়রকে জানালে মেয়র ওই চিকিৎসককে তাঁর কক্ষে ডেকে পাঠান। সেখানে উপস্থিত হওয়ার পর আবদুল্লাহ আল মামুন সরাসরি জানিয়ে দেন, চিকিৎসা শিবির করতে তিনি বাধ্য নন। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে উপস্থিত কাউন্সিলরদের সঙ্গে অশালীন আচরণ করেন তিনি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পৌর পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তাঁকে অন্যত্র বদলির জন্য ৫ মে স্থানীয় সরকার বিভাগে লিখিত চিঠি দেন মেয়র। উদ্ভূত পরিস্থিতিতে ১৬ মে লিখিত ক্ষমা চাওয়ার পাশাপাশি সাত দিনের ছুটি চেয়ে আবেদন করেন ওই চিকিৎসক। কিন্তু ১৭ মে অনুষ্ঠিত পৌর কাউন্সিলের সভায় আবদুল্লাহ আল মামুনকে বদলি না করা পর্যন্ত এক মাসের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। সেই মোতাবেক ২৮ মে তাঁকে এক মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।২০১০ সালে পৌরসভায় চিকিৎসাসেবা বিভাগ চালু করা হয়। এখানে দুস্থ রোগীরা ২০ টাকার বিনিময়ে ডায়াবেটিস পরীক্ষা এবং এ রোগের চিকিৎসাসেবা পেয়ে আসছিলেন। এ ছাড়া বিনা মূল্যে সব ধরনের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।