চিকিৎসা বিল দিতে না পারায় দুই মাস বন্দী!
খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ২৬ এপ্রিল বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন কামাল মিয়া। ভর্তির সময় ১৫ হাজার টাকা অগ্রিম জমা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তিন দিন চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন কামাল।২৮ এপ্রিল হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছাড়পত্র (রিলিজ) দিয়ে অগ্রিম নেওয়া টাকাসহ মোট ৪৬ হাজার ৯০২ টাকার বিলের একটি রসিদ ধরিয়ে দেয়। এই টাকা পরিশোধ করতে না পারায় হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে দুই মাস ধরে আটকে রেখেছে। কামালের (৩২) বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার শ্রীমন্তপুর গ্রামে। তিনি গ্রামের মৃত আবদুল মোতালিবের ছেলে।হাসপাতালের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মো. হোসেন আলী বলেন, কামালের চিকিৎসা বাবদ ৫৮ হাজার ৯০২ টাকা পাওনা রয়েছে। ওই টাকা পরিশোধ না করা পর্যন্ত কর্তৃপক্ষ তাঁকে হাসপাতাল থেকে যেতে দেবে না।গত শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতালের মেডিসিন বিভাগের ২০ নম্বর শয্যায় কামালকে অনেকটা নজরবন্দী অবস্থায় রাখা হয়েছে। হাসপাতালে কর্মরত সেবিকা-আয়াসহ অন্য কর্মচারীরা তাঁকে চোখে চোখে রাখছেন।কামাল মিয়া বলেন, এত টাকা বিল হবে তা তিনি ও তাঁর পরিবার ধারণাই করতে পারেনি। এত টাকা দেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়। তিনি আরও বলেন, হাসপাতালে তাঁকে বন্দী অবস্থায় রাখা হয়েছে। প্রতিদিনই শয্যা, খাবার ও হাসপাতালের অন্য খরচের বোঝা তাঁর ওপর চাপানো হচ্ছে। আর দ্রুত বিল পরিশোধের জন্য তাঁর ওপর নানা চাপ সৃষ্টি করা হচ্ছে।বিলের ব্যাপারে রাজধানীর একাধিক বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত রোগীকে একমাত্র নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হলে এত টাকার বিল হতে পারে। তা না হলে কোনোভাবেই এত টাকার বিল হওয়ার কথা নয়।কামালের পরিবার জানিয়েছে, চিকিৎসাধীন অবস্থায় কামাল সাধারণ শয্যাতেই ছিলেন। গত শনিবার হাসপাতাল থেকে পাওয়া বিলের রসিদে ওষুধ বাবদ ৩৫ হাজার ৮০২ টাকা এবং শয্যাভাড়া, চিকিৎসা ও রেফারেল বিল বাবদ ২৩ হাজার ১০০ টাকা উল্লেখ করা হয়েছে।হাসপাতালের পরিচালক অধ্যাপক এ এইচ এম জহিরুল ইসলাম বিশ্বাস সাংবাদিকদের বলেন, ওই রোগী হাসপাতালের পাওনা টাকা পরিশোধ করতে না পারায় তাঁকে ছুটি দেওয়া হচ্ছে না। আর বিল সম্পর্কে তিনি কিছু জানেন না। এটি হিসাব বিভাগ নিয়ন্ত্রণ করে বলে জানান।কিশোরগঞ্জের সিভিল সার্জন দীন মোহাম্মদ বলেন, বিষয়টি দুঃখজনক। অভিযোগের সত্যতা পেলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।