চিকিৎসা ব্যবস্থাপনায় নতুন পদ্ধতির পরীক্ষা কালীগঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে রোগীর প্রাথমিক তথ্য কম্পিউটারে তোলার কাজ চলছে l ছবি: প্রথম আলো
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে রোগীর প্রাথমিক তথ্য কম্পিউটারে তোলার কাজ চলছে l ছবি: প্রথম আলো

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে সকাল সাড়ে নয়টায় মহিলা, পুরুষ ও শিশুদের তিনটি পৃথক সারি। তিনজন কর্মী রোগীর নাম ও প্রাথমিক তথ্য কম্পিউটারে তোলায় ব্যস্ত। এঁদেরই একজন আমিনুল ইসলাম সারির সামনে থাকা মহিলাকে জিজ্ঞেস করলেন, ‘নাম কী?’ উত্তর, ‘আয়তুন আক্তার’। ‘বয়স?’ উত্তর, ‘৩০ বছর’। আমিনুল সমস্যার কথা জিজ্ঞেস করতেই আয়তুন বললেন, ‘জ্বর জ্বর ভাব। শরীরে ব্যথা।’
কম্পিউটারে আয়তুনের নামের পাশে একটি নম্বর ভেসে উঠল: বিডিএইচ ২৭০০৪৮। এটাই আয়তুনের পরিচিতি নম্বর। আমিনুল একটি কাগজে নাম ও ২৭০০৪৮ লিখে আয়তুনের হাতে দিয়ে ১২৫ নম্বর কক্ষে যেতে বললেন।
নিচতলার ১২৫ নম্বর কক্ষ স্ত্রীরোগ বিশেষজ্ঞ শামসুন নাহারের। আয়তুন তাঁর হাতে কাগজটি দিলেন। শামসুন নাহার ওই পরিচিতি নম্বর লিখে রোগীর প্রাথমিক তথ্য জেনে যান। চিকিৎসক রোগীকে নানা প্রশ্ন করেন। রোগী উত্তর দেন। চিকিৎসক কম্পিউটারে লিখতে থাকেন। এরপর চিকিৎসক আয়তুনকে ফার্মেসি থেকে ব্যবস্থাপত্র ও ওষুধ বুঝে নেওয়ার পরামর্শ দিলেন।
চারটি কক্ষ পরেই ফার্মেসি। সেখানে ফার্মাসিস্ট কম্পিউটার ডেটাবেইস থেকে জেনে গেছেন ব্যবস্থাপত্র। আয়তুন পৌঁছানোর আগেই ওষুধ প্রস্তুত।
চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোগীর কোনো ডায়াগনস্টিক পরীক্ষা-নিরীক্ষার দরকার হলে একইভাবে সংশ্লিষ্ট বিভাগে চিকিৎসকের নির্দেশনা চলে যায়। পরিচিতি নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিভাগে রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলও কম্পিউটার ডেটাবেইসে রোগীর তথ্যের সঙ্গে যুক্ত করা হয়।

আমিনুল ইসলাম ও শামসুন নাহার প্রথম আলোকে বলেন, আয়তুনের জন্য পরিচিতি নম্বরটি গুরুত্বপূর্ণ। হাসপাতালে যত রোগী আসছে, প্রত্যেককে পৃথক নম্বর দেওয়া হচ্ছে। পাশাপাশি রোগীর নাম, বয়স, ঠিকানার সঙ্গে রোগের নাম ও কী ওষুধ রোগীকে দেওয়া হচ্ছে তাও সংরক্ষণ করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা এ এম ইশতিয়াক রোহান প্রথম আলোকে বলেন, ‘২০১৫ সালের নভেম্বর থেকে শেয়ার্ড হেলথ রেকর্ড নামের একটি দিশারি প্রকল্পের আওতায় হাসপাতালে এভাবে ব্যবস্থাপত্র দেওয়ার পদ্ধতি চালু করা হয়েছে। এই পদ্ধতিতে রোগীর তথ্য সংরক্ষণ করা হচ্ছে। পরবর্তী সময়ে রোগী এলে সংরক্ষিত তথ্য থেকে চিকিৎসক সহজে ইতিহাস জানতে পারছেন।’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘দিশারি প্রকল্পটি আরও এক বছর চলবে। আমরা পরীক্ষা ও ভুলের (ট্রায়াল অ্যান্ড এরর) মধ্য দিয়ে শিখছি। আগামী কয়েক বছরের মধ্যে এর বিস্তার ঘটানো হবে দেশব্যাপী।’
হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক মাসে দেশি-বিদেশি বেশ কয়েকটি প্রতিনিধিদল প্রযুক্তির এই নতুন প্রয়োগ দেখে গেছেন। সরকারের নীতিনির্ধারকেরা, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা এসেছেন। তাঁরা ছোটখাটো সীমাবদ্ধতা দূর করে প্রকল্পের বিস্তার ঘটানোর পক্ষেই মত দিয়েছেন।
এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য অধ্যাপক রশীদ-ই-মাহবুব প্রথম আলোকে বলেন, এটি একটি যুগান্তকারী ঘটনা। এ থেকে সুদূরপ্রসারী সুফল পাওয়া যাবে। এই তথ্য ব্যবহার করে রোগব্যাধি সম্পর্কে পরিসংখ্যান সহজে পাওয়া যাবে। তা ছাড়া পরিচিতি নম্বর নিয়ে রোগী ভবিষ্যতে যেকোনো সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারবে।
কেন এই উদ্যোগ

>* উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী, রোগ ও চিকিৎসার তথ্যের ডেটাবেইস তৈরি হচ্ছে
* চিকিৎসক কম্পিউটারে পেয়ে যান রোগীর চিকিৎসার ইতিহাস
* উপজেলার হাসপাতালের সংরক্ষিত তথ্য পাওয়া যাচ্ছে জেলা সদর হাসপাতালে

স্বাস্থ্য অধিদপ্তর ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা জানিয়েছেন, কালীগঞ্জ উপজেলা হাসপাতাল ও গাজীপুর সদর হাসপাতালে ব্যবস্থাপনা, রোগীর ব্যবস্থাপত্র তৈরি ও তথ্য সংরক্ষণের একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে। এতে রোগীর প্রাথমিক তথ্য, রোগ, কী পরীক্ষা দেওয়া হচ্ছে, পরীক্ষার ফল, ওষুধ ইত্যাদি সংরক্ষণ করার ব্যবস্থা আছে।
শামসুন নাহার প্রথম আলোকে বলেন, ‘এতে রোগীর আগে কী পরীক্ষা দেওয়া হয়েছিল, পরীক্ষার ফলাফল, তার ভিত্তিতে কী ওষুধ দেওয়া হয়েছিল তা পাওয়া যাচ্ছে। এতে রোগীর ব্যবস্থাপত্র দেওয়া সহজ হচ্ছে।’
হাসপাতালের অন্য মেডিকেল কর্মকর্তা অরূপ কুমার দাস বলেন, ‘সংরক্ষিত তথ্য গবেষণা ও হাসপাতাল ব্যবস্থাপনায় কাজে লাগবে। এ থেকে জানা যাবে নির্দিষ্ট সময়ে কোন রোগ বেশি হচ্ছে, এলাকায় কোন রোগের প্রকোপ বেশি।’
এই হাসপাতাল থেকে রোগীকে গাজীপুর জেলা সদর হাসপাতালে পাঠানো (রেফার্ড) হয়। জেলা ও উপজেলা একই নেটওয়ার্কে থাকায় কালীগঞ্জের রোগীর তথ্য সদর হাসপাতাল থেকে কম্পিউটারে দেখা যায়।
হাসপাতালের একাধিক চিকিৎসক বলেছেন, একটি নির্দিষ্ট ছকে ব্যবস্থাপত্র দিতে হয়। এখানে দায়সারা গোছের কিছু করার সুযোগ কম। রোগীর চাপ বেশি থাকলে সব তথ্য নিখুঁতভাবে তুলে রাখা কঠিন। মেডিসিন পরামর্শক মোস্তাক হোসেন বলেছেন, ‘পদ্ধতিটি এখনো পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে আছে, ফলাফল বিশ্লেষণের পর মান (স্ট্যান্ডার্ড) ঠিক হবে। টিকা বা যক্ষ্মার মতো কার্ডের ব্যবস্থা করলে কাজটি সহজ হবে।’
আবুল কালাম আজাদ বলেছেন, একপর্যায়ে বায়োমেট্রিক পদ্ধতিতে রোগীর নিবন্ধন করার চিন্তা সরকারের আছে। হাসপাতালে এসে আঙুলের ছাপ দিয়ে চিকিৎসা প্রক্রিয়া শুরু করা যাবে।