চিকিৎসা ব্যয় বহনে সরকারি প্রতিশ্রুতি রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কাজীপাড়ায় পিকেটারদের বোমার আঘাতে দুই সন্তানসহ স্কুলশিক্ষিকা শামছুন নাহার দগ্ধ হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ হয়েছে। নোয়াখালীর হাতিয়া উপজেলা সদরে বাংলাদেশ শিক্ষক সমিতি এ কর্মসূচির আয়োজন করে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কয়েক শ শিক্ষক-শিক্ষিকা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন। পরে তাঁরা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বক্তারা বলেন, গত বছরের ২৮ ডিসেম্বর ঢাকার কাজীপাড়ায় পিকেটারদের ছোড়া বোমার আঘাতে দগ্ধ হন হাতিয়ার ইউনিয়ন মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা শামছুন নাহার ও তাঁর দুই সন্তান। বর্তমানে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
বক্তারা বলেন, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম আহত তিনজনকে দেখতে গিয়ে চিকিৎসার সব দায়িত্ব সরকার নেবে বলে ঘোষণা দেন। কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। অবিলম্বে তাঁদের চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য সরকারের প্রতি দাবি জানান তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আ ন ম হাসান, শিহাব উদ্দিন, মো. সোলাইমান, মো. পারভেজ প্রমুখ।