চিকিৎসা শুরু করা যাচ্ছে না আবুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরল রোগে আক্রান্ত খুলনার আবুল বাজনদারের চিকিৎসা এখনো শুরু করতে পারেননি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। তাঁরা বলছেন, সম্পূর্ণ নিরাময় করার কোনো চিকিৎসা তাঁদের এখনো জানা নেই। তবে এ রোগ সম্পর্কে জ্ঞানের ঘাটতি দূর করার জন্য পরীক্ষা-নিরীক্ষায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার (অসংক্রামক ব্যাধি) মোস্তফা জামান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘যুক্তরাষ্ট্রে এই রোগীর রক্ত ও টিস্যু পরীক্ষায় সহায়তা দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরীক্ষার ফলাফল ভবিষ্যতে এই রোগ বিশ্লেষণে সহায়তা করবে। এই রোগ চিকিৎসার ক্ষেত্রে যে জ্ঞানের ঘাটতি আছে, তা কমিয়ে আনবে বাংলাদেশের এই রোগীর তথ্য।’
মোস্তফা জামান আরও বলেন, পৃথিবীতে এর আগে এ ধরনের মাত্র তিনজন রোগীর ইতিহাস জানা আছে। রোগ বিশ্লেষণের কিছু তথ্যও আছে। বাংলাদেশের রোগীটি চতুর্থ। এই চারজন রোগীর তথ্য একত্র করলে অ্যাভিডেন্স তৈরি হবে। সিদ্ধান্তমূলক উদ্যোগ নিতে সহায়তা করবে। তবে এই রোগে সংক্রমণের কোনো ঝুঁকি নেই। সুতরাং পরীক্ষার তথ্য পাওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করতে হবে।
চিকিৎসকদের ধারণা, আবুল বাজনদার ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত। রোগটি ‘ট্রি ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রম নামে পরিচিত। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণের কারণে এ রোগ হয়। ১০ বছর ধরে আবুল এই রোগে ভুগছেন। তাঁর হাত ও পায়ের আঙুলগুলো গাছের শিকড়ের মতো হয়ে গেছে এবং দিনে দিনে তা বড় হচ্ছে। তাঁকে ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
এই বিরল রোগীকে শুধু বাংলাদেশের রোগী হিসেবে বিবেচনা করা উচিত হবে না বলে মনে করেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, একে এখন বৈশ্বিক বিষয় হিসেবে বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে গবেষণার বিষয়ে গুরুত্ব দিতে হবে।
আবুল বাজনদারের চিকিৎসায় ছয় সদস্যের বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বোর্ডের অন্যতম সদস্য মেডিসিনের অধ্যাপক খান আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, আবুলকে সম্পূর্ণভাবে নিরাময় করার কোনো চিকিৎসা জানা নেই। তবে তাঁকে স্বস্তিতে রাখার কিছু পরিকল্পনা তাঁরা করছেন। তবে এর কোনো কিছুই চূড়ান্ত নয়।
একাধিক চিকিৎসক বলেছেন, আবুল বাজনদারের হাত-পা যেন দেখতে সুন্দর হয়, তিনি স্বাভাবিকভাবে কাজ করতে পারেন, সেই উদ্দেশ্যে শল্যচিকিৎসা করার কথা ভাবা হচ্ছে। তবে তার আগে ক্যানসারের বিষয়টি চিকিৎসকেরা নিশ্চিত হতে চান। ক্যানসার শরীরে ছড়িয়ে পড়লে শল্যচিকিৎসা থেকে তাঁরা বিরত থাকবেন। কোন ভাইরাসে আক্রান্ত, তা-ও জানা দরকার। এর কিছু পরীক্ষা হবে দেশে, কিছু যুক্তরাষ্ট্রে।
গতকাল বিকেলে বার্ন ইউনিটের প্রধান আবুল কালাম প্রথম আলোকে বলেন, আবুল বাজনদারের রক্ত ও টিস্যুর নমুনা যুক্তরাষ্ট্রে পাঠানোর উদ্যোগ নিতে গতকাল তাঁরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন। ঠিক কবে নাগাদ নমুনা যুক্তরাষ্ট্রে পাঠানো সম্ভব হবে, কবে নাগাদ পরীক্ষার তথ্য পাওয়া যাবে, তা তাঁর পক্ষে বলা সম্ভব হয়নি।
ঢাকা মেডিকেল, আইইডিসিআর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘ট্রি ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রমে আক্রান্ত রোগী সারা পৃথিবীতেই কম। এই রোগ নিয়ে গবেষণা কম হয়েছে।
অধ্যাপক খান আবুল কালাম আজাদ বলেন, ‘পৃথিবীর অন্য তিনটি রোগীর কী চিকিৎসা হয়েছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে। সেই অভিজ্ঞতা আমরা কাজে লাগাব।’