চিকিৎসা শেষ না করেই মান্নাকে কারাগারে নেওয়ার অভিযোগ

চিকিৎসা শেষ না করেই মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতাল থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে নাগরিক ঐক্য কমিটি। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবনের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ অভিযোগ করা হয়। মান্না নাগরিক ঐক্য কমিটির আহ্বায়ক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ জামাল কাদেরী। সেখানে বলা হয়, গতকাল মান্নাকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট থেকে পুনরায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। এর আগেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষ না করেই কারাগারে পাঠানো হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা শেষ হওয়ার আগে কারাগারে নেওয়ার ফলে তাঁকে ঘন ঘন হাসপাতালে আনতে হচ্ছে। মান্নার শারীরিক অবস্থা মোটেই ভালো নয়। আগে থেকেই তিনি নানান জটিল রোগে ভুগছিলেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের ছাড়পত্রেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো ভালো হাসপাতালে রেখে সুচিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।
ঐক্যের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয় কারাবন্দী মান্নাকে হাসপাতালে না রাখার অর্থ হচ্ছে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। এ অবস্থায় একান্ত মানবিক বিবেচনায় জীবন রক্ষার্থে মান্নাকে হাসপাতালে রেখে আধুনিক চিকিৎসা দেওয়া অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, ফজলুল হক, আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাতনামা এক ব্যক্তির সঙ্গে মোবাইল ফোনে মান্নার কথোপকথন নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এরপর গত ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বনানীর একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে একটি দল মান্নাকে তুলে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। ওই সময় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে মান্নাকে আটক করার কথা অস্বীকার করা হয়। দিনভর তাঁর খোঁজ পাওয়া না গেলেও পরদিন ২৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে গুলশান থানার পুলিশের হাতে মান্নাকে হস্তান্তর করে র্যাব। তখন সশস্ত্র বাহিনীর সদস্যদের বিদ্রোহে প্ররোচনা দেওয়ার অভিযোগে মান্নার বিরুদ্ধে দণ্ডবিধির ১৩১ ধারায় গুলশান থানায় মামলা করে পুলিশ। ২৫ ফেব্রুয়ারি ওই মামলায় আদালতে হাজির করে পুলিশ তাঁকে ১০ দিনের রিমান্ডে নেয়। সেই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। মামলায় বিএনপির নেতা সাদেক হোসেন খোকাকেও আসামি করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় আবারও মান্নাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।
আরও পড়ুন: