চিকিৎসা সনদের অভাবে ঝুলে যাচ্ছে মামলা
সময়মতো চিকিৎসা সনদ না পাওয়ায় মামলার তদন্ত, অভিযোগপত্র গঠন ও মামলা নিষ্পত্তি বিলম্বিত হচ্ছে। এতে কিশোরগঞ্জের বিভিন্ন আদালতে দীর্ঘদিন ধরে অনেক মামলা ঝুলে আছে। বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি বাড়ছে। সদর থানা পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, নির্যাতন, মারামারি, অপমৃত্যুসহ যেসব ঘটনা হাসপাতাল পর্যন্ত গড়ায়, সেসব ঘটনায় দায়ের করা মামলার নিষ্পত্তির জন্য অন্যতম বিষয় হলো চিকিৎসা সনদপত্র (মেডিকেল সার্টিফিকেট)। কোনো ঘটনায় থানায় মামলা হলে একজন উপপরিদর্শক (এসআই) পর্যায়ের কর্মকর্তাকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। মামলার সঙ্গে হাসপাতালের চিকিৎসা বা ময়নাতদন্তের সম্পর্ক থাকলে, মামলা নিষ্পত্তির জন্য পুলিশি তদন্তের পাশাপাশি চিকিৎসা সনদও প্রয়োজন হয়। কিন্তু কিশোরগঞ্জের ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসা সনদের জন্য থানার তদন্ত কর্মকর্তাদের পক্ষ থেকে চাহিদাপত্র দেওয়ার পরও মাসের পর মাস সনদ সরবরাহ করা হচ্ছে না। ফলে অসংখ্য মামলা ঝুলে আছে।আদালত সূত্রে আরও জানা যায়, জামিনযোগ্য অপরাধ হলেও অনেক সময় সনদ না থাকায় আইনের সুবিধা পাওয়া থেকে অভিযুক্তরা বঞ্চিত হন। বাদীপক্ষও কোনো কোনো মামলার ক্ষেত্রে একই সমস্যায় পড়েন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, তাঁর থানার বিভিন্ন তদন্ত কর্মকর্তার হাতে গত ফেব্রুয়ারি থেকে অন্তত ৫০টি মামলা আছে। এসব মামলায় চিকিৎসা সনদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র দিয়েও তা পাওয়া যাচ্ছে না। কয়েকটি মামলার উদাহরণ দিয়ে ওসি জানান, সদর উপজেলার মাথিয়া এলাকার আবদুল খালেকের ছেলে জীবন মিয়া (২২) গত ১৯ ফেব্রুয়ারি বিষপানে আত্মহত্যা করেন। তাঁর ভিসেরা রিপোর্ট সদর হাসপাতালে এসে পড়ে আছে। চাহিদাপত্র দেওয়ার পর আজ পর্যন্ত ভিসেরা রিপোর্টটি পাওয়া যায়নি। গত ২৭ ফেব্রুয়ারি শহরের নিউটাউনের আবদুল আমিনের স্ত্রী জাহানারা (৩৮), তাঁর ছেলে এস্তাক মিয়া ও জাহিদ কাউসার আহতাবস্থায় হাসপাতালে ভর্তি হন। ২৯ ফেব্রুয়ারি হাসপাতালে চিকিৎসা সনদের জন্য চাহিদাপত্র দেওয়ার পর আজও তা পাওয়া যায়নি। ওসি মীর মোশারফ হোসেন জানান, তদন্ত কর্মকর্তারা মামলার তদন্তকাজ সম্পন্ন করে বসে আছেন। অথচ চিকিৎসা সনদের জন্য তাঁরা পরবর্তী পদক্ষেপ নিতে পারছেন না।কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সনদ পাওয়ার দীর্ঘসূত্রতার কারণে মামলার আসামিরা প্রতিদিনই হয়রানির শিকার হচ্ছেন।কিশোরগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, বিষয়টি তাঁর জানা নেই। তিনি খোঁজ নিয়ে কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেবেন।