চিকিৎসা সহকারীই চিকিৎসক!
‘মোর পোলার জ্বর অইছেলে। অরে লইয়া পটুয়াখালী হাসপাতালে আইছি বড় ডাক্তার দেহাইতে। অরে চিকিৎসা দিছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (চিকিৎসা সহকারী)। এইয়া মোরা গ্রামে বইয়াই দেহাইতে পারতাম। এত টাহা খরচ কইরা এহানে আইলাম ক্যান।’ গত বৃহস্পতিবার বরগুনার আমতলী উপজেলার সাহেববাড়ী এলাকার গৃহবধূ আকলিমা বেগম ক্ষোভ নিয়ে এসব কথা বলেন। তিনি ওই দিন তাঁর ছেলে রাব্বিকে (৫) নিয়ে পটুয়াখালী সদর হাসপাতালে আসেন। রাব্বির মতো অনেক শিশু এবং সব বয়সের নারী ও পুরুষ এ হাসপাতালের বহির্বিভাগে এসে বড় চিকিৎসকদের কাছ থেকে সেবা পাচ্ছে না। তাঁদের বদলে চিকিৎসাসেবা দিচ্ছেন চিকিৎসা সহকারীরা। চিকিৎসক-সংকটের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছয় মাস ধরে এভাবে চলছে সেবা-কার্যক্রম। হাসপাতালের তত্ত্বাবধায়ক এ বি এম শামছুল আলম বলেন, ‘এখানে ৫৮ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন ১৬ জন। এর মধ্যে চিকিৎসা-কার্যক্রম চালাচ্ছেন ১৪ জন। জরুরি বিভাগেই ছয়জন চিকিৎসক প্রয়োজন। চিকিৎসক-সংকটের কারণে বাধ্য হয়েই বহির্বিভাগে চিকিৎসক সহকারীদের দিয়ে সেবা-কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। এ বিভাগে প্রতিদিন গড়ে ৩৫০ জন রোগী সেবা নেয়। ’ সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে জ্যেষ্ঠ বিশেষজ্ঞের ১০টি পদের মধ্যে আটটিই শূন্য। এগুলো হলো: সার্জারি, শিশু, নাক-কান-গলা (ইএনটি), গাইনি, চক্ষু, চর্ম ও যৌন, হূদরোগ, অর্থোপেডিকের পদ। জুনিয়র বিশেষজ্ঞের ১১টি পদের মধ্যে কর্মরত আছেন মাত্র পাঁচজন। এর মধ্যে হূদরোগ, রেডিওলোজি, প্যাথলজি, চর্ম ও যৌন, শিশু, সার্জারির পদ শূন্য রয়েছে। আবাসিক ফিজিশিয়ান, আবাসিক সার্জন, আবাসিক চিকিৎসা কর্মকর্তার পদও শূন্য। হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, চিকিৎসা কর্মকর্তার ১০টি পদ থাকলেও কর্মরত আছেন ছয়জন। জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তার চারটি পদই শূন্য রয়েছে। এ ছাড়া আয়ুর্বেদিক চিকিৎসা কর্মকর্তার পদও রয়েছে শূন্য।হাসপাতালের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৯ সালে শহরের কালিকাপুর এলাকায় ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হয়। ১৯৯৬ সালে এটিকে ১৫০ শয্যায় উন্নীত করা হয়। ২০০৫ সালের এর শয্যাসংখ্যা বাড়িয়ে ২৫০ করা হয়। অবকাঠামোগত উন্নতি হলেও এ হাসপাতালে লোকবল বাড়ানো হয়নি। বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, বহির্বিভাগে তিনজন চিকিৎসা সহকারী রোগীদের সেবা দিচ্ছেন। এ প্রসঙ্গে হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা এইচ এম হাবিবুর রহমান জানান, চিকিৎসা সহকারীরা জেলা সিভিল সার্জনের অধীনে। হাসপাতালে চিকিৎসক-সংকটের কারণে তাঁদের এখানে এনে বহির্বিভাগে চিকিৎসাসেবা কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। তবে তাঁকেও হাসপাতালের দাপ্তরিক কাজের পাশাপাশি আন্ত ও বহির্বিভাগে চিকিৎসাসেবা দিতে হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক এ বি এম শামছুল আলম বলেন, ‘অনেক আবেদনের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাঁচ মাস আগে এখানে ছয়জন চিকিৎসক নিয়োগ দিয়েছিল। কিন্তু তাঁরা এখানে যোগদান করেননি। তার পরও আমরা এই হাসপাতালে চিকিৎসক-সংকট দূর করার এবং উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’