দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী মনোয়ারুল ইসলামকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের নির্দেশ তাঁকে গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা গেছে, গত ২২ অক্টোবর উপজেলার খট্টামাধবপাড়া গ্রামের আবদুর রশিদের স্ত্রী ফেন্সি আরা বেগম (৪২) টিউমারের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসেন। কিছুক্ষণ পর চিকিৎসা সহকারী মনোয়ারুল ইসলাম এসে অস্ত্রোপচার করার কথা বলে স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকসংলগ্ন নাজমা ফার্মেসিতে নিয়ে যান। সেখানে তিনি ৫০০ টাকা নিয়ে ওই ফার্মেসির একটি কক্ষে রোগীকে শুইয়ে টিউমারের পাশে একটি ইনজেকশন পুশ করেন। এর পরপরই ফেন্সি আরা মারা যান। এ নিয়ে ২৬ অক্টোবর প্রথম আলোতে ‘হাকিমপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোলায়মান আলী বলেন, প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর দিনাজপুর সিভিল সার্জন ও রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে মনোয়ারুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে ২৭ অক্টোবর পরিচালক মো. শাহাদত হোসেন তাঁকে বদলি করেন। গতকাল তাঁকে নতুন কর্মস্থলে যোগদান করার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে।