চিকিৎসা সহকারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসা সহকারী শাহজামাল শেখের বিরুদ্ধে রোগীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ পাওয়া গেছে।তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি এমবিবিএস চিকিৎসক না হয়েও রোগী দেখে এমবিবিএস-এএম লেখা ব্যবস্থাপত্র দেন। চিকিৎসা সহকারী হিসেবে সরকারি চাকরিতে যোগদানের পর থেকেই তিনি বিভিন্ন স্থানে একাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে সিরাজগঞ্জ সিভিল সার্জন ও শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।অভিযোগপত্র সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা সহকারী শাহজামাল শেখ নোয়াখালী মেডিকেল অ্যাসিসট্যান্ট অ্যান্ড ট্রেনিং স্কুল (ম্যাটস্) থেকে ডিপ্লোমা কোর্স (চিকিৎসা সহকারী) পাস করেন। পরে ২০০১ সালে তিনি সরকারি চাকরিতে যোগ দেন। এর পর থেকেই তিনি ভুয়া ডিগ্রি ব্যবহার করে বিভিন্ন ক্লিনিক ও ল্যাবরেটরিতে অস্ত্রোপচার, আল্টাসনোগ্রাফি, রোগীদের রক্ত, প্রসাবসহ বিভিন্ন পরীক্ষা করে আসছেন। রোগী দেখে চিকিৎসা ব্যবস্থাপত্রে তিনি এমবিবিএস-এএম লিখছেন।বেলকুচি উপজেলার নিরাময় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান বলেন, ‘শাহজামাল সম্পর্কে আমার ভায়রা। তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি চক্র পিছু লেগেছে। শাহজামালের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় তাঁকে এই ক্লিনিকে রোগী দেখা এবং আল্ট্রাসনোগ্রাম করা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ শাহজামাল শেখ বলেন, ‘আমি দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে পশ্চিমবঙ্গের একটি প্রতিষ্ঠান থেকে দুই বছর মেয়াদি অল্টারনেটিভ মেডিসিনে ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড সায়েন্স (এমবিবিএস-এএম) ডিগ্রি অর্জন করেছি। এ কারণে আমি এটি ব্যবস্থাপত্রে লিখেছি। তা ছাড়া আলট্রাসোনাগ্রামের ওপর আমার কোর্স করা আছে। এগুলো টেকনোলিজিস্টের কাজ বিধায় আমি করে আসছি। বিষয়টি নিয়ে নানা অভিযোগ ওঠার পর থেকে আমি ব্যবস্থাপত্রে এমবিবিএস-এএম লেখা বাদ দিয়েছি।’ এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মুহামঞ্চদ আবদুল্লাহেল কাফি বলেন, ‘দূরশিক্ষণে ডাক্তারি শিক্ষার কোনো সুযোগ নেই।’শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল আওয়াল বলেন, ‘শাহজামালের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’ সিরাজগঞ্জের সিভিল সার্জন নাজিমুদ্দিন খান বলেন, ‘বাংলাদেশে ‘এমবিবিএস-এএম’ ডিগ্রির কোনো ভিত্তি নেই। তদন্ত করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’