চিকিৎসা সাহায্যের টাকাও হাতিয়ে নিল প্রতারক চক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসুস্থ দুই শিশুর চিকিৎসার জন্য সাহায্য হিসেবে পাওয়া ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। ১০ হাজার টাকা জমা দিলে তিন লাখ টাকা সাহায্য পাওয়া যাবে এমন প্রলোভন দেখিয়ে একটি বিদেশি সংস্থা ওই শিশুদের মায়ের কাছ থেকে টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ঘটেছে।জানা গেছে, ফুলবাড়ী পৌর শহরের রামচন্দ্রপুর গ্রামের খেতু মণ্ডলের মেয়ে আরেফা খাতুন এক বছর আগে যমজ কন্যাসন্তান জন্ম দেন। নদী ও বন্যা নামে শিশু দুটি জন্ম থেকেই অসুস্থ। এর মধ্যে নদীর পেটের উপরিভাগে থাকা একটি টিউমার ধীরে ধীরে বড় হচ্ছে। বন্যার শরীরের বিভিন্ন স্থানে টিউমার আছে। স্থানীয় চিকিৎসকেরা তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার পরামর্শ দিয়েছেন।আরেফা খাতুন তাঁর মেয়ে নদী ও বন্যার চিকিৎসার জন্য ভিক্ষা করে ১০ হাজার টাকা জোগাড় করেছিলেন। পাশাপাশি তিনি বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন জানিয়ে স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দেন এবং উত্তরা ব্যাংক ফুলবাড়ী শাখায় একটি হিসাব খোলেন।উত্তরা ব্যাংকের ফুলবাড়ী শাখায় ২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডওয়াইড ফান্ড (আইডব্লিউডব্লিউএফ) নামে একটি সংস্থার চিঠি আসে। ওই চিঠিতে নদী ও বন্যার ৪১২৩ নম্বর হিসাবে তিন লাখ টাকা সাহায্য বরাদ্দ হয়েছে বলে উল্লেখ করা হয়। ব্যাংকের ব্যবস্থাপককে চিঠিটি দ্রুত পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়। বিস্তারিত জানার জন্য চিঠির নিচের অংশে ০১৮৪০৪৭৮৮৫৫ মুঠোফোনের নম্বর দেওয়া আছে। পরে ব্যাংক চিঠিটি আরেফা খাতুনকে দেয়। শেষে ওই নম্বরে যোগাযোগ করলে অনলাইনের মাধ্যমে তিন লাখ টাকা পাঠানোর কথা বলা হয় এবং ওই টাকা পাওয়ার জন্য সার্ভিসচার্জ হিসেবে তাঁকে ব্র্যাক ব্যাংকের অনলাইন শাখায় ১০ হাজার টাকা জমা দিতে বলা হয়। এ জন্য আরেফাকে একটি হিসাব নম্বরও দেওয়া হয়।টাকা পাওয়ার আশায় ২৬ এপ্রিল আরেফা খাতুনের পরিবার দিনাজপুর ব্র্যাক ব্যাংক শাখায় চিকিৎসক ইলিয়াছ হোসেন নামের ২৪০১২০০৮৩৭৪৯৮০০১ নম্বর হিসাবে ১০ হাজার টাকা জমা দেন। পরদিন সকালে মুঠোফোনে ওই পরিবারের কাছে আরও আট হাজার টাকা দাবি করা হয়। পরবর্তী সময়ে ওই গ্রামের ব্যবসায়ী মো. লিটন বিষয়টি জানতে পারেন।ব্যবসায়ী মো. লিটন জানান, জমা হওয়ার এক ঘণ্টার মধ্যেই ব্র্যাক ব্যাংকের খুলনা শাখা থেকে ১০ হাজার টাকা তোলা হয়েছে। যে হিসাবে টাকা জমা দেওয়া হয়েছে, তার সব তথ্য মিথ্যা। এ কারণে ব্যাংক কর্তৃপক্ষ ওই হিসাবে লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। উত্তরা ব্যাংকের সেকেন্ড অফিসার মো. ইসমাইল হোসেন বলেন, মানবিক দিক বিবেচনা করে দ্রুত চিঠিটি আরেফা খাতুনের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।